প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৩:০৭ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৩:১৬ পিএম
বাংলাদেশ ফুটবলের শীর্ষ পর্যায়ে শেষ পাঁচ মৌসুম ধরেই বসুন্ধরা কিংস আর অস্কার ব্রুজন যেন সমার্থক। টানা চার বারের লিগ চ্যাম্পিয়ন হয়েছে কিংস, সেটা অস্কারের হাত ধরেই। সে অস্কারকে আরও এক মৌসুমের জন্য কোচ হিসেবে রেখে দিয়েছে বসুন্ধরা।
আজ ফেসবুক প্রোফাইলে বিষয়টি জানিয়েছেন বসুন্ধরার স্প্যানিশ এই কোচ। তিনি জানান, 'সাফল্যমণ্ডিত পাঁচটি মৌসুম (এএফসি কাপ সাউথ জোনে দুই আসরে খেলে রানার্স আপ, টানা চার লিগ শিরোপা, ছয়টি কাপ শিরোপা) কাটানোর পর আমি আনন্দিত হয়ে জানাচ্ছি যে, বসুন্ধরা কিংসের সঙ্গে আরও এক মৌসুমের জন্য চুক্তি নবায়নের জন্য সম্মত হয়েছি আমি।'
তার অধীনেই প্রথমবারের মতো বসুন্ধরা খেলতে চলেছে আসছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। সে বিষয়টি বাংলাদেশের ফুটবলকেও বড় স্বপ্ন দেখতে পথ দেখাবে, জানান অস্কার। তিনি বলেন, 'ঘরোয়া ফুটবলে ও আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক ইতিবাচক ফলাফলের কারণে এবার আমরা এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলতে চলেছি, যা বাংলাদেশ ফুটবলকেও বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে।'