× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারমানপ্রীতকে সতর্ক হওয়ার পরামর্শ আঞ্জুম চোপড়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১২:৩৯ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৩:৪১ পিএম

হারমানপ্রীতকে সতর্ক হওয়ার পরামর্শ আঞ্জুম চোপড়ার

মিরপুরে শেষ ওভারের নাটকীয়তায় টাই হয়েছে বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডে ম্যাচ। মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শেষে হয়েছে ১-১ সমতায়। তবে এ সবকিছু ছাপিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর। ম্যাচ চলাকালে মাঠে স্টাম্প ভাঙা ও ম্যাচের পর আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি; যার ফলে শাস্তিও পেয়েছেন হারমানপ্রীত। তবে হারমানপ্রীতের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ভালোভাবে নেননি ভারতের সাবেক নারী দলের অধিনায়ক, ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়া। ভারতের নারী দলকে চোখের সামনে বাড়তে দেখা আঞ্জুম আগামীতে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন হারমানপ্রীতকে।

ভারতকে ৪১ ম্যাচে নেতৃত্ব দেওয়া আঞ্জুম হারমানপ্রীতকে সতর্ক করে বলেন, ‘আমি নিশ্চিত আগ্রাসন শেষে শান্ত হয়ে গেলে হারমানপ্রীত পেছনে ফিরে তাকাবে এবং সম্মত হবে যে তার মতানৈক্য দেখানোর ক্ষেত্রে তাকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার অসন্তুষ্টি প্রকাশে কোনো ক্ষতি নেই, তবে আপনি কীভাবে এবং কখন এটি করবেন তা আপনাকে ভাবতে হবে। শব্দচয়নের ক্ষেত্রেও তার আরও সতর্ক হওয়া উচিত ছিল।’

আম্পায়ারিং নিয়ে ভারতীয় দলের চিন্তার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ১৫৭টি ম্যাচ খেলা আঞ্জুম বলেন, ‘কোনো স্নিকোমিটার বা বল-ট্র্যাকিং ছিল না, তাই এটি বিচার করা একটু কঠিন। কিন্তু যদি তারা (ভারতীয় দল) অনুভব করে যে কয়েকটি সিদ্ধান্ত তাদের পথে যায় না, তাহলে কি বিষয়গুলো আরও ভালোভাবে পরিচালনা করা যেত? কেন ভারতীয় অধিনায়ক ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় গিয়ে বিরক্তি প্রকাশ করলেন? আরও ভালোভাবে যোগাযোগ করা যেত। পরিস্থিতি কীভাবে এ পর্যন্ত গড়াল? ভারতীয় দল ম্যাচের জয় পর্যন্ত খেলতে না পারা তাদের হতাশার কারণ হতে পারে তবে সেটা ড্রেসিংরুমের মধ্যেই রাখা যেত। এভাবে প্রকাশ্যে বের হওয়া সঠিক ছিল না।’

এর আগে শনিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই স্টাম্প ভাঙেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কাউর। এরপর ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আম্পায়ার ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেন তিনি; যার ফলে শাস্তি পেতে হয়েছে তাকে। ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে হারমানপ্রীতকে।

মাঠে স্টাম্প ভাঙার জন্য হারমানপ্রীতকে ম্যাচ ফির ৫০ শতাংশ এবং ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় তার কথার জন্য ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়া চারটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার নামের পাশে। যার মধ্যে তিনটি স্টাম ভাঙার জন্য ও একটি অশোভন মন্তব্যের জন্য। তবে ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের আরও বেশ কয়েকজন ক্রিকেটার স্পষ্ট ভিন্নমত দেখালেও জরিমানা করা হয়নি তাদের।

তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী শেষে সঞ্চালক ডাক দিলেন দুই দলের ক্রিকেটারদের। সিরিজ সমতায় শেষ হওয়ায় ট্রফি পাবে না নির্দিষ্ট কোনো দল। সঞ্চালক দুই দলকে একসঙ্গে মঞ্চে ডাকেন ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য। সে সময় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর সঞ্চালককে উদ্দেশ করে বলে ওঠেন, ‘আম্পায়ারদেরও ডাকো।’ সঞ্চালক বিষয়টি বেশ ভালোভাবে সামাল দেওয়ায় ঘটনা বেশিদূর গড়ায়নি। তবে বিষয়টি মানতে না পেরে দল নিয়ে ফটোসেশন পর্ব না করেই মাঠ ছাড়েন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা