অ্যাশেজ সিরিজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ০২:৫১ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১১:১৩ এএম
ম্যানচেস্টারে স্টোকসদের অঘোষিত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি
বৃষ্টি এখন কমছে তো একটু পর বাড়ছে, থামার যেন নাম নেই! ওল্ড ট্রাফোর্ডে রবিবার পুরো দিন বৃষ্টির পেটেই গেছে, ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিনও ধুয়ে গেছে তাতে। অ্যাশেজ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের বরং তাতে দুঃখ ভারীই হলো। বৃষ্টির দাপটে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়াল না, ‘ছাইদানি’ ইংল্যান্ডের উদ্ধার করা হলো না।
টেস্ট শুরুর আগেই ভেন্যুটিতে আবহাওয়া চোখরাঙানি দিচ্ছিল। ম্যানচেস্টারের ইতিহাসও খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত এখানে হওয়া দুটি টেস্ট পরিত্যক্ত হয়েছে, আর পঞ্চম দিনও বৃষ্টির পেটে যাওয়ায় কোনো বল না গড়ানো দিনের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫-এ। রবিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বৃষ্টির পেটে গেছে প্রায় দুই দিন
ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনেই জয়ের ভিত গড়ে রেখে গিয়েছিল ইংল্যান্ড। ২৭৫ রানের লিড পাওয়ার পর ১১৩ রানে ৪ উইকেট তুলে নিয়েছিল। চতুর্থ দিনে অবশ্য মার্নাস লাবুশেনে লড়াইটা ভালোই করেছে অস্ট্রেলিয়া। এর পরও জয়ের গল্প লিখতে পারত বেন স্টোকসের দল; যদি না বৃষ্টিতে বন্ধ হতো দিনের বেশিরভাগ সময়। চতুর্থ দিন শেষে এখনও ৬১ রানে পিছিয়ে ছিল অজিরা। খেলা বন্ধ হওয়ার আগে তারা জমা করেছে ২১৪ রান। পঞ্চম দিনে ইনিংস ব্যবধানে জয় পেতে স্বাগতিকদের প্রয়োজন ছিল ৫ উইকেট। তবে এ ক্ষেত্রে তাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিল বৃষ্টি। শেষ পর্যন্ত বেন স্টোকসদের আক্ষেপ কিংবা দুঃখ বাড়িয়ে খেলার ফল ড্র করল, ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড শেষ ম্যাচ জিতলেও সিরিজ জয় হবে না।
আগামী বৃহস্পতিবার ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম টেস্ট। ওভালে ইংল্যান্ড জিতলেও মর্যাদার ছাইদানি থাকবে অস্ট্রেলিয়ার কাছে—সবশেষ সিরিজ স্মিথ-কামিন্সরাই জিতেছেন।