প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১০:৫২ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১১:২৬ এএম
জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন লিগে ব্যাটে বলে দারুণ পারফর্ম করছে বাংলাদেশের তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। শনিবারও তার ব্যত্যয় হয়নি। দলকে জেতাতে না পারলেও দুজনেই ছিলেন কার্যকর।
শনিবার ডারবানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলোস। ম্যাচে মুশফিকের ব্যাট থেকে এসেছে ১২ বলে ১৯ রান।
হারারেতে এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন জোবার্গ বাফেলোস। ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টনের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩১ বলে অপরাজিত ৫৫ রান। এতে স্কোরবোর্ডে জমা হয় ৯৪ রান, যা আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৪১ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতেই টপকে যায় ডারবান কালান্দার্স।
অন্য ম্যাচে কেপটাউনের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তাসকিনের বুলাওয়ে ব্রেভস। সুবিধা করতে পারেননি কোনো ব্যাটার। তাতে স্কোরবোর্ডে জমা হয় ৮৬ রান।
তবে বল হাতে বুলাওয়েকে দারুণ শুরু এনেদেন তাসকিন আহমেদ। প্রথম ওভারেই ফেরান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। তবে লক্ষ্যটা ছোট হওয়ায় আটকে রাখা যায়নি কেপটাউনকে। ম্যাচে দুই ওভারে ১৮ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তাসকিন।