প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ২১:০৫ পিএম
চাইলেও যেন বিতর্ক থেকে দূরে থাকতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। বিতর্ক তাকে খুঁজে নেবেই। এবারও তেমনটি হয়েছে, মঙ্গলবার ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর বিপক্ষে আল নাসরের ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে ফের বিতর্কে জড়িয়েছেন পর্তুগিজ সুপারস্টার। বিতর্কের ইস্যু স্পন্সর প্রতিষ্ঠানের চুক্তি ভঙ্গ করে অন্য প্রতিষ্ঠানের শিন প্যাড পরে মাঠে নেমেছিলেন সিআর সেভেন।
আরও পড়ুন - মিয়ামি মিলনমেলায় সঙ্গী হচ্ছেন ইনিয়েস্তাও!
গত মৌসুমটা ভালো কাটেনি রোনালদোর আল নাসরের। আসছে মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ইউরোপীয় ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করেছে আল নাসর। মঙ্গলবার সে রকমই এক ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমে ফের বিধ্বস্ত হতে হয়েছে তার দলকে। প্রাক মৌসুমের ওই ম্যাচে অবশ্য যতক্ষণ রোনালদো মাঠে ছিলেন ততক্ষণ কোনো গোল হজম করতে হয়নি তার দলকে। পরে তিনি মাঠ ছাড়ার পর ৫-০ গোলে হারতে হয়েছে তার দলকে। তবে এসব ছাপিয়ে তিনি এখন বিতর্কে। ম্যাচে রোনালদোর পায়ের বেশকিছু ক্লোজ ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে মোজার নিচে শিন প্যাডে দেখা যায় তিনি পড়ে আছেন অ্যাডিডাসের শিন প্যাড, যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
মূলত ২০০৩ সাল থেকে আজীবন নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ রোনালদো। চুক্তির অঙ্কটাও প্রায় ১ বিলিয়ন ডলারের ওপরে। নিয়ম অনুযায়ী নাইকির ক্রীড়াসামগ্রী ব্যবহার করার কথা রোনালদোর। এই ম্যাচেও নাইকির বুটজোড়া পরেই খেলতে দেখা যায় তাকে। কিন্তু শিন প্যাডটি ছিল অ্যাডিডাসের। সাধারণত নিজের মুখের ছবি দেওয়া শিন প্যাড পরেন তিনি। তবে এ ম্যাচে দেখা গেছে ভিন্ন চিত্র। তবে কেন হঠাৎ এই ম্যাচে অন্য শিন প্যাড পরলেন তা অবশ্য জানা যায়নি।
চুক্তি লঙ্ঘন করায় নিশ্চিতভাবেই নাইকির প্রশ্নের মুখে পড়তে হবে তাকে। সদুত্তর না মিললে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করতে পারে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে অবশ্য বেশ মোটা অঙ্কের টাকা লোকসান গুনতে হতে পারে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে।