প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৪:২২ পিএম
ক্যারিয়ারে আগের দুটি ক্লাবে অভিষেক ম্যাচে গোল পাননি লিওনেল মেসি, সতীর্থদের গোলে সহায়তাও করতে পারেননি। কিন্তু বার্সেলোনা বা পিএসজির মত হলো না আর্জেন্টাইন মহাতারকার ইন্টার মিয়ামির অভিষেক। মেসি গোল করালেন এবং যোগ করা সময়ে দুর্দান্ত ফ্রি-কিক থেকে দলকে জয় এনে দিলেন। হারের বৃত্ত কাটিয়ে মিয়ামিকে জয়ে ফিরিয়ে মেসি বললেন, এভাবেই এগিয়ে যাবো।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শনিবার ভোরে লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে মিয়ামি। এদিন স্টেডিয়াম সেজেছিল নতুন উদ্দামে, ছিল কানায় কানায় পূর্ণ। মেসি দর্শক-সমর্থকদের আস্থার জয় এনে দিতে পেরে যানপরনাই খুশি।
আরও পড়ুন :
ম্যাচ শেষে মেসির কণ্ঠেও শোনা গেলো আত্মতৃপ্তির সুর, ‘এটা দারুণ একটা ম্যাচ ছিল। এমন একটা শুরুই চেয়েছিলাম, আমাদের সমর্থকদের জয়টা উপহার দিব। এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
আর্জেন্টাইন তারকা ফুটবলার ইনস্টাগ্রামেও একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘এগিয়ে চলো। জয় দিয়ে এই সপ্তাহ শুরু করা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ভক্ত-সমর্থকদের জন্যও তা গুরুত্বপূর্ণ ছিল। আর এভাবেই এগিয়ে যাব।’