প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৪:০৩ পিএম
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরপরই জিম্বাবুয়ের উদ্দেশ্যে বিমানে চরেছিলেন তাসকিন আহমেদ। এসময় তার সঙ্গে সাকিব আল হাসানকেও দেখা গেছে। যদিও দু’জনের গন্তব্য আলাদা। তাসকিন যোগ দিয়েছেন জিম্বাবুয়েতে অনুষ্ঠিত জিম আফ্রো টি-টেন লিগে। অন্যদিকে সাকিব আল হাসান উড়ে গেছেন কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগ মাতাতে। বিষয়টি অনেকেরই জানা না থাকায় তাসকিনকে নিয়ে ভক্তদের প্রশ্ন ছিল কোথায় যাচ্ছেন তিনি। সেই প্রশ্নের উত্তর অবশ্য তাসকিনকে দিতে হয়নি। তার হয়ে উত্তরটা দিয়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা।
বাংলাদেশের ক্রিকেটে বেশ পরিচিত মুখ রাজা। বিপিএলের নিয়মিত খেলে থাকেন এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটেও জিম্বাবুয়ের হয়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগতে হয় এই রাজার কাছেই। তবে মাঠের বাইরে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটা অবশ্য বেশ বন্ধু সুলভ।
জিম আফ্রোতে বুলাওয়ে ব্রেভসের হয়ে সিকান্দার রাজার সতীর্থ হয়েছেন তাসকিন। গতকালই সেখানে পৌঁছান বাংলাদেশের তারকা এই পেসার। সেখানে গিয়ে দেখা হয় রাজার সঙ্গে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভক্তদের নিজেদের বন্ধুত্বের কথা জানিয়েছেন রাজা। লিখেছেন, আপনারা যারা জানতে চাচ্ছিলেন তাসকিন কোথায়, তাদের বলছি, সে আমার সঙ্গে আছে। আমার বন্ধু তাসকিন।
আজ প্রথমবারের মতো জিম আফ্রোতে হারারে হারিকেন্সের বিপক্ষে মাঠে নামার কথা তাসকিনের। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটিসহ পুরো টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।