প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১০:৪৪ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৩ ১১:১১ এএম
ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজ বাঁচানোর চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর পর প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। টেস্ট ক্যারিয়ারে ৬০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। অন্যদিকে বিধ্বংসী বোলিংয়ে অজিদের নাকাল করতে দেখা গেছে ক্রিস ওকসকে। দিন শেষে ৮ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ২৯৯ রান তুলেছে সফরকারীরা।
সিরিজ বাঁচানোর লক্ষ্যে এদিন টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। দ্রুতই উসমান খাজাকে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন স্টুয়ার্ড ব্রড। এরপর ডেভিড ওয়ার্নারকে ৩২ রানে সাজঘরের পথ ধরান ক্রিস ওকস। এরপর স্টিভেন স্মিথকে নিয়ে লড়ছিলেন মার্নাস লাবুশেন। তবে ৪১ রানে মার্ক উডের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় স্মিথকে। এরপর ট্রাভিস হেডকে নিয়ে লড়ছিলেন লাবুশেন। তবে ফিফটি হাঁকানোর পর আর টিকতে পারেননি তিনি। ১১৫ বলে ৫১ রান করে মঈন আলির ঘূর্ণিতে পরাস্ত হতে হয় তাকে।
এরপর মিচেল মার্শকে নিয়ে লড়ছিলেন হেড। তবে টানতে পারেননি তিনিও। তৃতীয় সেশনের শুরুতেই ৪৮ রানে ফিরতে হয় তাকে। এরপর মার্শ ফিফটি তুলে নেন ক্যামেরুন গ্রিনকে নিয়ে। পথে সঙ্গ দিতে হয়েছে অ্যালেক্স ক্যারিকেও। তবে খুব একটা টানতে পারেননি কেউই। মার্শের ব্যাট থেকে এসেছে ৫১ রান। পরে শেষ বিকালটা কামিন্সকে নিয়ে পার করেন মিচেল স্টার্ক।
এদিন হেডকে ফিরিয়ে ইতিহাসের মাত্র পঞ্চম বোলার ও সতীর্থ জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ব্রড। ব্রড ও অ্যান্ডারসন (৬৮৮) ছাড়াও এ কীর্তি আছে মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলের (৬১৯)।
তবে এদিন বোলিংয়ে ইংলিশদের নেতৃত্ব দিয়েছেন ক্রিস ওকস। ১৯ ওভার হাত ঘুরিয়ে ৫২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৮৩ ওভারে ২৯৯/৮ (মার্শ ৫১, লাবুশেন ৫১, হেড ৪৮, স্মিথ ৪১, ওয়ার্নার ৩২; ওকস ৪/৫২, ব্রড ২/৬৮, উড ১/৫১)