প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ০০:২০ এএম
লিওনেল মেসি এখন ইন্টার মিয়ামির। চুক্তি আর বর্ণিল পরিচয়পর্ব দুটোই শেষ। অপেক্ষা এখন অভিষেক ম্যাচের। আর্জেন্টিনার এ ফুটবল জাদুকরের অভিষেকের দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। আগামী ২১ জুলাই ইন্টার মিয়ামির জার্সিতে প্রথম মাঠের লড়াইয়ে নামবেন। লিগ ক্লাবের ম্যাচে প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠ মাতাবেন মেসি।
আরও পড়ুন : খাজার অনুরোধে বদলালো আইসিসির নিয়ম
সুপারস্টার মেসি অভিষেক ম্যাচ খেলবেন। এ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তাই তো ফুটবল অনুরাগীরা হুমড়ি খেয়ে পড়ছেন টিকিট কাউন্টারে। চাহিদা বেড়ে যাওয়ার সুযোগটা কাজে লাগাচ্ছে ইন্টার মিয়ামি। বেশ চড়া দামে তারা বিক্রি করছে টিকিট। টিকিট বিপণনের দায়িত্বে থাকা ভিভিড টিকিটস নামের সংস্থাটি জানিয়েছে, টিকিটের দাম ১ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
এটা তো গেল ভিআইপি গ্যালারির টিকিটের দাম। এর চেয়ে কম দামেও মিলবে টিকিট। টিকিটের গড় মূল্য ৪৮৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৫৩ হাজার টাকা। এত দামে আগে কখনও মেজর লিগ সকারের (এমএলএস) কোনো টিকিট বিক্রি হয়নি।
২১ আগস্ট শার্লট এফসির বিপক্ষে মেসির লিগ অভিষেক ম্যাচের টিকিটের দাম পড়বে ৩১ হাজার টাকা। গত জুন থেকে মার্কিন ফুটবল লিগের টিকিটের দাম বেড়েছে ৯০০ শতাংশের বেশি। সব মিলিয়ে ইন্টার মিয়ামির টিকিটের দাম বেড়েছে ৭০০ শতাংশ।
শুধু টিকিট নয়। দাম বেড়েছে মেসির নাম সংবলিত ইন্টার মিয়ামির ‘১০’ নম্বর জার্সির দাম। কালো, সাদা ও গোলাপি তিন রঙের মেসির জার্সি বিক্রি হচ্ছে ২০০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ হাজার টাকা।