প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২২:০৫ পিএম
কমনওয়েলথ গেমস আয়োজন করার কথা ছিল অস্ট্রেলিয়ার। ২০২৬ সালে আসরটি বসার কথা ছিল দেশটির রাজ্য ভিক্টোরিয়ায়। কিন্তু এখন খরচ বেড়ে গেছে। এ কারণে আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার রাজ্যটি। গেমস আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়-এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস।
আরও পড়ুন - ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
ভিক্টোরিয়া অপরাগতা প্রকাশ করায় এখন অনিশ্চয়তার মুখে কমনওয়েলথ গেমসের আগামী আসরের ভাগ্য। এ ব্যাপারটায় যারপরনাই হতাশ কমনওয়েলথ গেমস ফেডারেশন।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, কমনওয়েলথ গেমস আয়োজনে খরচ হবে ২০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩৬ কোটি ইউএস ডলার)। কিন্তু বাস্তবে খরচ পড়বে ৭০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। সংবাদ সম্মেলন করে অ্যান্ডুস জানান, ‘অনেক কঠিন ঘোষণা দিয়েছি। অনেক কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছে। সত্যি বলছি, খেলার ইভেন্টের ৭০০ কোটি খরচ- আমরা সেটি করব না।’
না বলার কারণটাও ব্যাখ্যা দিয়েছেন অ্যান্ডুস, ‘হাসপাতাল-স্কুল থেকে টাকা নিয়ে এমন একটা ইভেন্ট আয়োজন করব না, যেখানে ধারণার চেয়ে তিন গুণ ব্যয় হবে। ২০২৬ সালে ভিক্টোরিয়ায় এ গেমস হবে না। আমরা কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষকে আমাদের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছি।’