প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১০:৫৫ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১১:৩৮ এএম
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে নিজেদের ভুলে। এক দিনের সিরিজ অবশ্য তারা শেষ করে জয়ে। সেই জয়ের ধারা টাইগাররা ধরে রাখে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও। আফগানদের হোয়াইটওয়াশ করেছে দেশের ছেলেরা দাপটের সঙ্গে। টি-টোয়েন্টি ক্যাপ্টেন সাকিব আল হাসানের বিশ্বাস, এ আত্মবিশ্বাস দলের জন্য কাজে দেবে সামনের বড় টুর্নামেন্টেও।
এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো কিছুর আশায় সাকিব বলেন, ‘ওয়ানডে দলে যারা খেলে, তাদের অনেকেই এ টি-টোয়েন্টি দলেও আছে। ফলে ওরা এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে যাবে।’
মাঝে ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তার পরও সাকিবের বিশ্বাস ছিল জিতবে তার দল, ‘হুটহাট কয়েকটি উইকেট পড়ে গেলেও নার্ভাস হওয়ার মতো কিছু আসলে ছিল না। আমাদের শুরুটা যেরকম হয়েছিল, জানতাম যে আমরা সব সময় ওদের চেয়ে এগিয়ে আছি। মাঠের যে কন্ডিশন ছিল, ওদের স্পিনারদের জন্য কাজটা কঠিন হবে, এটা জানতাম।’
বোলিং আক্রমণে কৃতিত্ব দেখিয়েছেন হাসান মাহমুদ। তাইতো তরুণ এই পেসারকে প্রশংসায় ভাসালেন সাকিব, ‘আমার কাছে তো মনে হয়েছে, তাসকিনের চেয়ে হাসান ভালো বল করেছে। আমরা যারা পাঁচ-ছয় জন আছি, তাদের কাজই ব্যাটসম্যানদের কাজটা সহজ করা।’