প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ০০:৩০ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১১:১৩ এএম
খুব কোনো বড় কীর্তি গড়েননি শাহিন শাহ আফ্রিদি। উইকেটের সেঞ্চুরি হাঁকিয়েছেন এমন বোলার টেস্ট ইতিহাসে নেহাত কমও নয়। শুধু পাকিস্তানের বোলার হিসেবে আফ্রিদির আগে টেস্টে কমপক্ষে ১০০ উইকেট নিয়েছেন আরও ১৭ জন। তবু বছরখানেকের অপেক্ষা শেষে উইকেটের সেঞ্চুরিটা আফ্রিদিকে বড় পথে হাঁটার বার্তাই দিচ্ছে। গলে আফ্রিদির দিনে অবশ্য অপেক্ষায় থাকতে হয়েছে শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভাকে। খাদের কিনারায় পড়ে যাওয়া দলকেও টেনেছে তার ব্যাট।
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আফ্রিদি তার প্রত্যাবর্তনের দিনটি রাঙিয়ে দিয়েছেন। টস জিতে ব্যাটে নামা লঙ্কানদের স্কোরবোর্ডে ৫৩ রান তুলতেই তাদের টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে ১০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আফ্রিদি।
গলেই গত বছর বিশেষ এ মাইলফলক ছুঁতে পারতেন আফ্রিদি। তবে হাঁটুর চোট তা হতে দেয়নি। চোট কাটিয়ে আফ্রিদি খেলেছিলেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে, খেলেছেন পিএসএলেও। তবে বিশ্বকাপের ফাইনালে আবারও চোট পান পেসার। সে কারণেই টেস্টে ফেরা এতটা দীর্ঘায়িত হয়েছে আফ্রিদির। ক্যারিয়ারের ২৬তম টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই পেসার। এখন তার ঝুলিতে ১০২টি উইকেট।
আফ্রিদির সেঞ্চুরির দিনটি অবশ্য নিজেদের করতে পারত পাকিস্তানও। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ডি সিলভা, অ্যাঞ্জেলে ম্যাথিউস। অভিজ্ঞ ম্যাথিউসকে ৬৪ রানে ফিরিয়ে দিলেও একপাশ ধরে রেখে সেঞ্চুরির অপেক্ষায় আছেন ডি সিলভা। ১৫৭ বলে ৯৪ রানে আজ আবার ব্যাটিংয়ে নামবেন তিনি।
দিনের একদম শেষ বলে সাদিরা সামারাউইকরামা বোকাটে শটে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। প্রায় শতরানের জুটি ভাঙে আগা সালমান, তাতেই স্বস্তি নিয়ে দিন শেষ করে পাকিস্তান। তবে সফরকারী পাকিস্তানকে দিনের পুরোটা হতে দেয়নি সেঞ্চুরি থেকে ৬ রান পেছনে থাকা ডি সিলভা।