প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ২২:৩৩ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩ ০০:০১ এএম
টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি অনেক দিন আগেই পদত্যাগের কথা জানিয়েছিলেন বাফুফেকে। তবে তাকে ধরে রাখতে কম চেষ্টা করা হয়নি। শেষমেশ সে চেষ্টা আলোর মুখ দেখল না আর। তাকে ধরে রাখতে পারেনি বাফুফে।
পল বাংলাদেশেই ছিলেন শেষ কয়েক মাস। তার সঙ্গে বাফুফের আলোচনা চলছিল। যদিও এ সময় বাফুফের কোনো কাজে ছিলেন না তিনি। সবশেষ নারী দলের সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তার অনুপস্থিতির কারণ হিসেবে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘বাফুফের সঙ্গে তার আলোচনা চলছে, সেটা শেষ হলে তিনি এসে যোগ দেবেন।’ তবে তা আর হয়নি শেষমেশ।
বাফুফের সঙ্গে স্মলির চুক্তির প্রায় এক বছর বাকি ছিল। তবে চুক্তি চলাকালেই তিনি বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা বলেন। সে আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই স্মলি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মেয়াদ শেষের আগেই।
তার বিষয়ে গতকাল সালাউদ্দিন বলেন- ‘যদি কেউ পদত্যাগপত্র দেয়, সেটা আমরা গ্রহণ করি। আমার সঙ্গে, আমার অফিসের কেউ যখনই পদত্যাগপত্র দিয়েছে, তখনই সেটা গ্রহণ করেছি। কেননা, কেউ যদি কাজ করতে না চায়, তাহলে আমি আপস করতে চাই না। আপনার সঙ্গে আমি আপস করব কখন, যখন আপনি বলবেন ১০ টাকার জায়গায় ১২ টাকা দেন, এটা-সেটা দেন। কিন্তু আপনি যদি বলেন কাজ করতে চাই না, তখন তো আর কথা নেই।’
তবে বাফুফে সভাপতি সালাউদ্দিন জানালেন, তার চোখে স্মলিই হচ্ছেন বাংলাদেশে আসা এ যাবতকালের সেরা টেকনিক্যাল ডিরেক্টর। তার কথা- ‘আমার সঙ্গে একবার নয়, অনেকবার কথা হয়েছে। আমি বিশ্বাস করি, এই দেশের ফুটবল এতদিন যত টেকনিক্যাল ডিরেক্টর পেয়েছে, তাদের মধ্যে স্মলিই সেরা। সেজন্য আমি ওর সঙ্গে অনেকবার কথা বলেছি। গত দুই-তিন মাস একটা শুক্রবারও সে আমাকে ছাড়েনি। ফুটবলের জন্য এটা-ওটা-সেটা করতে হবে, অনেক আলোচনা করেছে। কিন্তু দিনশেষে সত্যি হচ্ছে সে অসুখী, অসুখী হয়ে যদি থাকে… তার অসুখী হওয়ার কারণ আমার চেয়ে আপনারা বেশি জানেন।’