প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ২১:৫১ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ২১:৫১ পিএম
অবনমনের শঙ্কা আগেই পেয়ে বসেছিল। পেন্ডুলামের মতো দুলছিল ক্লাব মুক্তিযোদ্ধার ভাগ্য। আশা একটু হলেও ছিল তাদের। কাগজে-কলমের সেই সম্ভাবনাটা জিইয়ে রাখতে হলে দরকার ছিল পয়েন্ট। জয় পেলে ছিল সবচেয়ে ভালো। কিন্তু গোপালগঞ্জে হোম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হারই মেনেছে তারা। আর তাতেই এএফসি উত্তরার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে গেছে ঢাকা লিগের এক সময়কার শিরোপাধারী মুক্তিযোদ্ধা।
এই প্রথম দেশের শীর্ষ লিগ টুর্নামেন্ট থেকে বিদায় নিল লাল জার্সিধারীরা। আর ২-১ গোলের জয়ে অবনমনের ভূত তাড়িয়েছে বন্দরনগরীর দলটি। ম্যাচে দশজনের দল নিয়ে খেলেছে চট্টগ্রাম আবাহনী। সেটা আবার ৬৫ মিনিট পর্যন্ত। তারপরও জয় হাতছাড়া হয়নি তাদের।
গতকাল দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জে শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করে অবনমন থেকে রেহাই পেয়েছে রহমতগঞ্জ। মুক্তিযোদ্ধার হাতে রয়েছে আরও একটি ম্যাচ। কিন্তু শেষ ম্যাচে শেখ রাসেলকে হারালেও লাভ হবে না। চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জকে পেছনে ফেলতে পারবে না দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ধুঁকতে থাকা ক্লাবটি।
১৯ ম্যাচ শেষে ১৫ পয়েন্টের পুঁজি নিয়ে দশম স্থানে পড়ে আছে এখন মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী সাতে আর রহমতগঞ্জ ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে নবম পজিশনে।