বগুড়া অফিস
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৭:৩০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৭:৩১ পিএম
বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকালে শহরের বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক ও সন্ত্রাসকে না বলি- এই স্লোগানে টুর্নামেন্টের আয়োজক বগুড়ার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
টুর্নামেন্টে চারটি ভেন্যুতে ১২টি উপজেলা দল অংশগ্রহণ করছে। প্রথম দিন শাজাহানপুর উপজেলা বনাম আদমদীঘি উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি। এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে তরুণ যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে হবে। এজন্য খেলাধুলার বিকল্প নেই।’ তিনি তরুণ যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন উপস্থিত ছিলেন।