প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ০১:২১ এএম
কথায় আছে, শখের তোলা আশি টাকা- অর্থাৎ শখ কোনো তুচ্ছ-তাচ্ছিল্যের জিনিস নয়। আর সামর্থ্যবানরাও তো পারলে নিজের জমানো সব অর্থই ব্যয় করেন এই শখের পেছনে। আর যারা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বুদ্ধিমান, তারা শখটাকেই রূপ দেন ব্যবসায়। এতে ফ্রিতে নিজের শখও যেমন মিটে, তেমনি বাড়তি অর্থ উপার্জনের রাস্তাও উন্মুক্ত হয়ে যায়।
আরও পড়ুন : রোকুজ্জোর নতুন শুরু
সেই কাজটিই করেছেন পর্তুগিজ সুপারস্টার। নিজের ঘড়িপ্রীতি কাজে লাগিয়ে ব্যবসায় নেমেছেন তিনি। বিখ্যাত অনলাইন ঘড়ি বিক্রির প্ল্যাটফর্ম ‘ক্রোনো২৪’-এর শেয়ার কিনেছেন রোনালদো। প্রতিষ্ঠানটির মালিকানার অংশ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
তারকাদের গাড়ি ও ঘড়িপ্রীতি নতুন কিছু নয়। সেখানে রোনালদোর ঝোঁক একটু বেশিই। বিলাসী জীবন কাটানো রোনালদোর গ্যারেজে সাজানো আছে নামিদামি সব গাড়ি। ব্যক্তিগত বিমানও রয়েছে তার। সমুদ্র ভালোবাসেন বলে প্রমোদতরি কিনে রেখেছেন। সেখানে প্রায়ই জর্জিনা রদ্রিগেজকে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। তবে যখনই কোনো অনুষ্ঠানে যোগ দেন রোনালদো; সুন্দর পোশাক-পরিচ্ছদের সঙ্গে নজর এড়ায় না রোনালদোর ঘড়ি। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের খবর অনুযায়ী, ৬৬ কোটি টাকা মূল্যের ঘড়ি নিজের কালেকশনে রেখেছেন সিআর সেভেন। তার এমন ঘড়িপ্রীতির কথা জানা আছে তার ভক্তদেরও। তারাও বিভিন্ন উপলক্ষে প্রিয় তারকাকে ঘড়ি উপহার দিতে ভুল করেন না।
এবারের বিষয়টি অবশ্য একেবারেই অন্যরকম। শখকে পুঁজি করে ব্যবসায় নাম লিখেয়েছেন তিনি। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম সেরা ঘড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ক্রোনো২৪’-এর ব্যবসায় বিনিয়োগ করেছেন রোনালদো। বিষয়টি নিয়ে ক্রোনো২৪-এর প্রধান নির্বাহী টিম স্ট্রেইক বিজনেস ইনসাইডারকে বলেন, ‘প্রযুক্তির এই ক্ষেত্রটি (হাতঘড়ি) রোনালদোর বেশ প্রিয়। তা ছাড়া আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগও আছে।’ তবে সেই লাভের অঙ্কটার পরিমাণ কত। কিংবা প্রতিষ্ঠানটিতে রোনালদো কত টাকা বিনিয়োগ করেছেন; সে সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তবে ধারণা দেওয়া হয়েছে, রোনালদোর সঙ্গে তাদের চুক্তিতে বেশ লাভবানই হবেন রোনালদো।
প্রধান নির্বাহী টিম স্ট্রেইক বলেন, ‘অর্থের পরিমাণটা বড় নয় আমাদের কাছে। রোনালদো আমাদের সঙ্গে কাজ করবে এটাই গুরুত্বপূর্ণ।’ অবশ্য তার এমন কথার যুক্তিও আছে। কেননা, বিশ্বে রোনালদো নিজেই একটি ব্র্যান্ড। সেখানে প্রতিষ্ঠানটিতে রোনালদোর নাম যুক্ত হওয়া নিশ্চয় বেশ বড়সড় প্রভাব ফেলবে ঘড়ি বিক্রিতে। আর সেখান থেকে লাভবান হবে প্রতিষ্ঠানটি।
অগেও আনেক ব্যবসার সঙ্গে জড়িয়েছেন রোনালদো। তার নিজের নামে একটি আন্ডারওয়্যার প্রতিষ্ঠান আছে। এ ছাড়া হোটেল ব্যবসা রয়েছে তার। এবার তিনি জড়িয়েছেন ঘড়ি ব্যবসায়। অবশ্য প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হতে পেরে রোনালদো নিজেও বেশ খুশি। বিশ্ব বিখ্যাত কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আল নাসর তারকা বলেন, ‘লম্বা সময় ধরে ক্রোনো২৪-এর ঘড়ি সংগ্রহ ও ব্যবহার করছি আমি। তাই এই কোম্পানির শেয়ারহোল্ডার হওয়ার বিষয়টি আনন্দদায়ক আমার কাছে।’