প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ২৩:৫৬ পিএম
২০০২ সালে ভাঙা চোয়াল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে মাঠে নেমেছিলেন ভারতের অনিল কুম্বলে। দলের কথা ভেবে ১৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট।
ক্রিকেট মাঠে কুম্বলের এমন বীরোচিত ঘটনা আজও অনুপ্রেরণা জোগায় ভারতীয় ক্রিকেটারদের। সেদিনকার সেই স্মৃতি দীর্ঘদিন পর শুনিয়েছেন কুম্বলে।
কুম্বলে জানান, ‘আমি আমার স্ত্রী চেথানাকে ফোন করেছিলাম, আমাকে বাড়িতে আসতে হবে। কারণ আমার অস্ত্রোপচার দরকার। আমি জানতাম, আমি পরের দিন বাড়ি ফিরে আসছি। তবে পরক্ষণেই আমি তাকে বলি, দেখ আমি গিয়ে বল করব, কিন্তু সে ভেবেছিল সম্ভবত আমি মজা করছিলাম। এরপর আমি ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলাম এবং বল হাতে নিয়েছিলাম। কেননা, ওই ম্যাচে সম্ভবত আমিই একমাত্র স্পিনার ছিলাম। আমি জানতাম আমাকে মাঠে যেতে হবে এবং ম্যাচটা জিততে হবে।’ কুম্বলের এমন লড়াইয়ের পরও অবশ্য শেষ পর্যন্ত ড্রয়ে শেষ হয় ম্যাচটি।