প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ২৩:৫১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩ ১১:২৪ এএম
এশিয়া কাপ ভাগ্যের শিকে অবশেষে ছিঁড়েছে। কিন্তু ভারত-পাকিস্তানের সেই পুরোনো দ্বন্দ্ব মেটেনি। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। সে অনুসারে পাকিস্তানে গিয়ে ভারত খেলবে না, তবে আয়োজক থাকবে পিসিবি। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় বসবে ভারতের সব ম্যাচ। এশিয়া কাপে এমন সিদ্ধান্তে সমাধান হওয়ার পর বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সংবাদমাধ্যম পিটিআইসূত্রে এমনটি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
আইসিসির পরবর্তী সভায় বিষয়টি উত্থাপন করবেন দেশটির ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকা আশরাফ। সেই পরিকল্পনার মূলে আছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিও স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই জাতীয় ক্রিকেট দল অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে।
‘এশিয়া কাপের জন্য ভারত যদি দল পাঠাতে না চায়, তাহলে আমিও বিশ্বকাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চাই’
পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি বলেছেন, ‘যখন ভারতের দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে পারছে না, তখন কেন পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে পারবে না? জাকা আশরাফ এ ব্যাপারই (আইসিসি সভায়) উত্থাপন করবেন। এশিয়া কাপের জন্য ভারত যদি দল পাঠাতে না চায়, তাহলে আমিও বিশ্বকাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চাই।’