প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১২:২৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ১২:৩৪ পিএম
ইউরোপ ছেড়ে আগেই সৌদি আরবে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা ও এনগোলো কন্তে। দুই ফ্রেঞ্চম্যানকে দলে ভিড়িয়েছে আল ইত্তিহাদ। এবার প্রো লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি পাখির চোখ করেছে আরেক ফরাসি পল পগবার দিকে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা মিডফিল্ডারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ইউরোপেই থাকবেন পগবা।
সৌদি প্রো লিগের দল ইত্তিহাদের অনুশীলন মাঠ পরিদর্শনের পর পগবাকে ঘিরে সম্ভাবনা জেগেছে। ফ্রান্সের ৩০ বর্ষী মিডফিল্ডার পগবা আসছে মৌসুমের জন্য হাতে থাকা প্রস্তাবগুলো খতিয়ে দেখছেন। এর মধ্যেই আল ইত্তিহাদের অনুশীলন মাঠ পরিদর্শন করে গেছেন। ক্লাবটির সঙ্গে চুক্তি হলে সেখানকার মিডফিল্ড-ফরোয়ার্ডে জুটি বাঁধতে পারবেন কন্তে-বেনজেমার সঙ্গে।
জুভেন্টাস মিডফিল্ডারের আল ইত্তিহাদ পরিদর্শন ক্লাবটির সঙ্গে চুক্তির জন্য নাকি শুধুই ক্লাবের চাওয়াতে আসা তা জানাতে পারেনি ইউরোপের গণমাধ্যমগুলো। ইতোমধ্যে সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন পগবার জাতীয় দলের সতীর্থ ৩২ বর্ষী কন্তে ও সাবেক সতীর্থ ৩৫ বর্ষী বেনজেমা। গত মৌসুমে নানান চোট পগবাকে ভুগিয়েছে বেশ। সিরি আতে মাত্র ছয় ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।