প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৫:০০ পিএম
ছবি- আ,ই আলীম
আফগানদের বিপক্ষে দুই ওয়ানডে হেরে ইতোমধ্যেই সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। এশিয়া কাপ ও বিশ্বকাপে আগে এমন হার দলকে অস্বস্তিতে ফেলবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে সহকারী কোচ নিক পোথাস অবশ্য এসব কিছু ভাবছেন না। এমন কি এই দুই সিরিজ হার নিয়েও তার মধ্যে নেই কোনো চিন্তা ভাবনা।
এই নিয়ে সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘শেষ দুই ম্যাচে ওদের পারফরম্যান্সের কথা বলা হচ্ছে। এটাই আসলে মূল ব্যাপার। সবাইকে এটা ভুললে হবে না আমরা বিশ্বমানের ক্রিকেটারদের দুই ম্যাচের ফলে মাপছি। আমরা ভুলে যাচ্ছি আগে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ওরা কী করেছে।’
লম্বা সময় ধরে দল ভালো পারফর্ম করছে। সেই দিকেই বেশি মনোযোগী পোথাস বলেন, ‘আমাদের উচিত ওদেরকে লম্বা সময়ের জন্য মাপা। এখানে সবাই দ্রুত ফল চায় কিন্তু ক্রিকেটে ফলটা লম্বা সময়ে আসে। তাই ক্রিকেটারদের লম্বা সময়ের ফলে মাপা উচিত।’
আফগানদের বিপক্ষে সফরকারীদের স্পিন আক্রমণ ভুগিয়েছে বাংলাদেশ দলকে। সেই কৃতিত্ব আফগান বোলারদের দিয়ে বলেন, ‘আমি যদি সৎভাবে উত্তর দিই—আফগান স্পিন আক্রমণ পৃথিবীর সেরা স্পিন আক্রমণ। এটা একটা ফ্যাক্ট। ওরা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সাদা বলের ক্রিকেট খেলে। ব্যাপারটা এমন, যেকোনো অধিনায়কের জন্য এটা স্বপ্ন এমন একটা স্পিন আক্রমণ পাওয়া। তিনি যাঁকে বল দিচ্ছেন সেই বোলারই তাঁর মনমতো কাজ করে দিচ্ছেন। এটা অসাধারণ।’