প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১২:১৩ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৩:০৪ পিএম
হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন ইবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না বাংলাদেশের এ পেসার। শুধু ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেই নয়। ইবাদত ছিটকে গেছেন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও।
আরও পড়ুন : বৃষ্টিতে বাতিল বাংলাদেশের অনুশীলন
ইবাদতের বাদ পড়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। তবে তিনি জানান, মাঠের লড়াইয়ে না থাকলেও দলের সঙ্গেই থেকে যাবেন তিনি। চালিয়ে যাবেন পুনর্বাসন কার্যক্রম, ‘এমআরআই রিপোর্ট বলছে, ইবাদতের ইনজুরি গুরুতর কিছু নয়। আমরা আশা করছি দুই সপ্তাহের মধ্যে সে চোট কাটিয়ে উঠতে পারবে। দলের সঙ্গে থেকে যাচ্ছে সে। যাতে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে পারে।’
শনিবার দ্বিতীয় ওয়ানডে খেলার সময় চোট পান ইবাদত। পরে ব্যাট হাতে মাঠে নামতে পারেননি। আফগানদের ইনিংসের ৪২তম ওভারের ঘটনা। তৃতীয় বলটি করার সময় মাঠের আম্পায়ার গাজী সোহেলের কাঁধে ধাক্কা খায় ইবাদতের হাত। ধাক্কা খেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি।
ভারসাম্য হারিয়ে রানআপে লুটিয়ে পড়েন তারকা এ পেসার। মাঠে পড়ে যাওয়ায় বাঁ পায়ের মাংসপেশিতে টান লাগে তার। এ কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ইবাদত। আর বল হাতে নেননি। ইবাদতের বাকি চার বল করেন নাজমুল হোসেন শান্ত।