× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ামিতে মেসির অভিষেক ১৬ জুলাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ২৩:২০ পিএম

মিয়ামিতে মেসির অভিষেক ১৬ জুলাই

গত মাসে ইন্টার মিয়ামিতে নাম লেখানোর ঘোষণা দেন মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকার আগমনের খবরে উৎসবের নগরীতে পরিণত হয় মিয়ামি। দেশ-বিদেশ থেকে শহরটিতে ভিড় জমাতে থাকেন মেসি সমর্থকরা। বাড়তে থাকে দলটির ফ্যান ফলোয়ার। মিয়ামির টিকিট বিক্রিতে পড়ে যায় ধুম। এর মধ্যেই মিয়ামির বেশকিছু ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তির অভিষেকের সাক্ষী হতে হাজির হন তার ভক্তরা। তবে শেষমেশ মেসিকে না দেখেই ফিরতে হয় তাদের। পরে বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, আগামী ২১ জুলাই লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মিয়ামির জার্সিতে অভিষেক হবে মেসির। ইতোমধ্যেই ওই ম্যাচের টিকিট কয়েকগুণ বেশি মূল্যে কেটে ফেলেছেন সমর্থকরা। যদিও মেসির অভিষেকের দিনক্ষণ নিয়ে কিছুই জানায়নি ক্লাব। তবে এবার ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আর্জেন্টাইন মহাতারকার অভিষেকের দিনক্ষণ। আগামী ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে মিয়ামিতে বরণ করে নেবে ক্লাবটি।

আরও পড়ুন - ইউএস মাস্টার্স টি-টেন লিগে রংপুর রাইডার্স

গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল ২১ জুলাইয়ের পরিবর্তে ১৯ জুলাই আর্সেনালের বিপক্ষে এমএলএস অলস্টারসের হয়ে মাঠে দেখা যেতে পারে মেসিকে। মেসিকে এই ম্যাচের দলে রাখতে চেষ্টা চালায় সম্প্রচার কার্যক্রমের সঙ্গে জড়িত অ্যাপল। পরে সংবাদমাধ্যমের বরাত দিয়ে এও জানানো হয়, শেষ পর্যন্ত মেসিকে খেলানো না গেলেও লিগের দক্ষতা প্রদর্শনী প্রতিযোগিতায় হাজির করা হতে পারে মেসিকে। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। মেসিকে ছাড়াই আর্সেনালের বিপক্ষে অলস্টারসের স্কোয়াড ঘোষণা করে এমএলএস।

মেসির অভিষেকের দিনক্ষণ নিয়ে নানা আলোচনার পর অবশেষে মিয়ামি নিজেই ঘোষণা দিয়েছে, ‘দ্য আনভেইল’ নামে ফুটবলারদের ক্লাবে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠান আয়োজনের; যা আগামী ১৬ জুলাই ইন্টার মিয়ামির নিজেদের মাঠে অনুষ্ঠিত হবে। ক্লাবের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে অনুষ্ঠানের দিনক্ষণ নিশ্চিত করা হলেও কোথাও মেসির নাম উল্লেখ করেনি ক্লাবটি। বিবৃতিতে বলা হয়, ‘উল্লেখযোগ্য পরিচয় পর্বটিতে অন্তর্ভুক্ত থাকতে রোমাঞ্চকর বিনোদন। সঙ্গে মাঠে বক্তৃতার আয়োজনসহ অনেক কিছু থাকছে।’

মিয়ামির এই বিবৃতির পর ধারণা করা হচ্ছে ওই দিনটিতে মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ স্প্যানিশ তারকা সার্জিও বুসকেটস ও কোচ টাটা মার্টিনোকে। এ ছাড়া ক্লাবটিতে নাম লেখানোর দৌড়ে থাকা মেসির সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবা ও ইনিয়েস্তাকেও দেখা যেতে পারে চমক হিসেবে।

বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৯ ক্লাবের মধ্যে মিয়ামির অবস্থান ২৮। তবে মেসি ও বেশকিছু তারকা ফুটবলারকে নিয়ে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চায় দলটির নতুন কোচ টাটা মার্টিনো, ‘লিওর সঙ্গে কথা বলেছি আর গতকাল কথা হয়েছে বুসকেটসের সঙ্গে, আমরা সাফল্য ও প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে কথা বলেছি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে এটা মনে হতে পারে যুক্তরাষ্ট্র, মিয়ামি, ছুটির সময়- কিন্তু বিষয়টি তা নয়। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই... আর তারা এখানে এসে প্রতিদ্বন্দ্বিতা না করার মতো ফুটবলারও নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা