প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১৫:০৭ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩ ১৫:১৮ পিএম
আফগানিস্তান সিরিজের মাঝপথে সাংবাদ সম্মেলন ডেকে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর বলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকাবাল। বিশ্বকাপের তিন মাস আগে তার এমন সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। তবে সতীর্থ তামিমের এমন কান্নাভেজা বিদায় মানতে পারেননি তার এক সময়ের জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেন। অন্যদিকে নতুন যাত্রায় তামিমকে শুভকামনা জানিয়েছেন তামিমের ওপেনিং সঙ্গী সৌম্য সরকার।
তামিমের অবসর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেন লিখেন, ‘কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, এভাবে বিদায় জানাবেন কখনো ভাবতে পারিনি। আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি; কি বলবো ভাই, কিছু বলার ভাষা নেই। ভাই আপনার জন্য সব সময় শুভকামনা…।’
সৌম্য সরকার তার ফেসবুকে তামিমের সঙ্গে একাদিক ছবি শেয়ার করে লিখেন, ‘বিদায় আমাদের জীবনের একটি অংশ। আসুন এটি নিয়ে দুঃখিত না হই। বরং সব ভালো স্মৃতিগুলোকে ধারণ করি এবং সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি। আপনি আমাদের সাথে অনেক স্মৃতি রেখে যাচ্ছেন। আপনি আমাদের প্রত্যেকে মিস করবেন। আপনার নতুন যাত্রা দুর্দান্ত হোক। সব কিছুর জন্য ধন্যবাদ ভাই।’
এর আগে এদিন সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিতে এসে অঝোড়ে কেঁদেছেন তামিম। এরপর সবাইকে তার দীর্ঘ ক্যারিয়ারের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এ মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’
দীর্ঘ ক্যারিয়ারে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। যেখানে টেস্টে ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন। ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিতে তার রান ১৭৫৮। তবে টি-টোয়েন্টিতে আগেই অবসর নিয়েছিলেন তিনি। খেলা চালিয়ে যাচ্ছিলেন ওয়ানডে ও টেস্টে। এবার সেখান থেকেও নিজেকে সরিয়ে নিলেন তামিম।