প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ০৯:৪১ এএম
চট্টগ্রামের সবুজ উইকেটে ম্যাচের শুরুতে ছিল আফগান বোলারদের আধিপত্য। তাদের দাপটে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা হয়ে ওঠেন অসহায়। প্রত্যেকে কে কার আগে ড্রেসিংরুমে ফিরতে পারেন এমন মহড়াটাই দেন। এমন বাজে ব্যাটিংয়ের দিনে টপ অর্ডারের কোনো ব্যাটারই ধরতে পারেননি হাল। ব্যাটিং লাইনআপের প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই আউট হয়েছেন বাজে ভঙ্গিমায়। যার শুরুটা করেছিলেন ‘আনফিট’ তামিম ইকবাল।
আরও পড়ুন : ‘ফাইনালে খেলতে পারলে ১০ গুণ ভালো লাগত’
তামিম ইকবাল
ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে ফজলহক ফারুকির করা ব্যাক অব লেন্থের বলটা ঠিকঠাক বুঝতে পারেননি। ব্যাক অব লেন্থের ওই বল ছেড়ে দিলে হয়তো বেঁচে যেতেন তামিম। তবে বল না ছেড়ে ড্রাইভ করার একটা চেষ্টা ছিল। ওই বল উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজের হাতে জমা হলে আউট হন তামিম। আউট হওয়ার আগে তার ব্যাটে আসে ২১ বলে ১৩ রান।
লিটন দাস
বাংলাদেশের ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে মুজিব উর রহমানের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। মুজিবের বলটা ছিল বেশ লোভনীয়। খালি জায়গা পেয়েছিলেন। পুরো স্টাম্প ছেড়ে বড় শট করেন। তবে টাইমিংটা ঠিকঠাক হয়নি। ডিপ স্কয়ার লেগ অঞ্চলে রহমত শাহর হাতে ধরা পড়েন। ড্রেসিংরুমে ফেরার আগে ৩৫ বলে ২৬ রান করেন লিটন।
নাজমুল হোসেন শান্ত
লিটনের প্যাভিলিয়নে ফেরার পরের ওভারেই আউট হন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ নবির বলে সুইপ শটে বাউন্ডারি আদায়ের চেষ্টা ছিল। তবে বল খুব বেশিদূর যায়নি। শর্ট ফাইন লেগে দাঁড়ানো অভিষিক্ত সালিম শফি বল তালুবন্দি করতে ভুল করেননি। তাতেই আউট হন ফর্মে থাকা শান্ত। আউট হওয়ার আগে শান্তর ব্যাটে আসে ১৬ বলে ১২ রান।
সাকিব আল হাসান
২৩তম ওভারের শেষ বলে পেসার আজমতউল্লাহর বলে আউট হন সাকিব আল হাসান। আজমতের বলটা একটু সামনে পড়েছিল। লোভ সামলাতে না পেরে সামনে এগিয়ে ডাইভ শটে বল সীমানা ছাড়া করতে চেয়েছিলেন। তবে সেটা ঠিকঠাক না হওয়ায় কাভারে দাঁড়ানো মোহাম্মদ নবি দারুণ ডাইভ দিয়ে বলটা তালুবন্দি করেন। ফেরার আগে ৩৮ বলে ১৫ রান করেন সাকিব আল হাসান।
মুশফিকুর রহিম
২৩তম ওভারের পঞ্চম বলে রশিদ খান পান প্রথম উইকেটের দেখা। তার দারুণ লেগস্পিনে পরাস্ত হন মুশিফক। ভেতরের দিকে ঢোকা বলের লাইন ঠিক বুঝতে পারেননি। বলে পায়ের ফাঁক দিয়ে উইকেটে আঘাত হানে। উড়ে যার তার লেগ স্টাম্প। তাতেই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে মাত্র ১ রান করেছিলেন মুশফিক।