প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৫:৩০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৬:৩১ পিএম
বৃষ্টির চোখরাঙানি আগে থেকেই ছিল। তবে টস থেকে শুরু করে পাওয়ারপ্লেতে সে চোখরাঙানি বাস্তবে রূপ নিল না। নিল তার ঠিক পর। বাংলাদেশ যখন তিন উইকেট খুইয়ে স্কোরবোর্ডে তুলেছে ৮৪ রান, ঠিক তখন বৃষ্টির বাগড়া নেমে এল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অগত্যা খেলাটাই বন্ধ করে দিতে হলো।
ঢাকায় ফিকফিকে রোদ হলেও চট্টগ্রামের আকাশ কাঁদছিল আগের দিন থেকেই। ঝিরঝিরে বৃষ্টির ফলে ম্যাচ নিয়ে শঙ্কা ছিল বৈকি! তবে খেলা শুরুর আগে আকাশ পরিষ্কার হয়ে এসেছিল কিছুক্ষণের জন্য। সেটা ওই কিছুক্ষণের জন্যই। তাতে টস হলো, বাংলাদেশ ইনিংসের ১৫ ওভার পর্যন্ত খেলাও গেল।
তবে এরপরই এল বৃষ্টির হানা। আকাশ কালো করে নামল বৃষ্টি। যে কারণে ১৬তম ওভার করতে যাওয়া মুজিব উর রহমানের দ্বিতীয় বলটা না খেলেই সরে দাঁড়ান হৃদয়। আম্পায়ার আর খেলোয়াড়রা দৌড়ে মাঠ ছেড়েছেন। কভার নিয়ে মাঠকর্মীদের তৎপরতা শুরু হয় সঙ্গে সঙ্গেই।