প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৩:৫২ পিএম
প্রতিটি ম্যাচেই বাংলাদেশের একটা প্রশ্ন থাকে সাত নম্বরে ব্যাটসম্যান হিসেবে কে খেলছেন? আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে সেই প্রশ্নের উত্তর আফিফ হোসেন।
চট্টগ্রামে সিরিজের প্রথম এই ওয়ানডেতে বাংলাদেশ ব্যাটে-বলে পুরো শক্তির দল নিয়ে নেমেছে। বোলিং আক্রমণে থাকছেন তিন পেসার দুই স্পিনার। সাত নম্বরে ব্যাট করা আফিফ হোসেন থাকছেন দলের তৃতীয় স্পিনার হিসেবে। তবে মুলত এই পজিশনে ব্যাটিংয়েই তার দক্ষতা দেখতে চায় দল। তিন পেসার হলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। ব্যাটিং অর্ডার বেশ শক্তপোক্ত। তামিমের সঙ্গে ওপেনিংয়ে আছেন লিটন দাস। ওয়ানডাউনে যথারীতি নাজমুল হোসেন শান্ত। মিডলঅর্ডারে সাকিব, মুশফিক ও তাওহীদ হৃদয়। সাতে আফিফ এবং আটে মিরাজ।
এই ম্যাচের আগে ক্যারিয়ারের ২৫টি ওয়ানডেতে আফিফ হোসেন সাত নম্বর পজিশনে ব্যাট করেছেন ১৫ বার। নিজের খেলা শেষ ছয় ওয়ানডেতে আফিফ এই পজিশনেই খেলতে নেমেছিলেন। সেই ছয় ইনিংসে তার সর্বোচ্চ রান ২৩, মিরপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ মার্চ।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।