প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ০৯:০৭ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১০:৪০ এএম
সিরিজের প্রথম ম্যাচের আগে অধিনায়ক তামিম ইকবাল স্বীকার করেছেন তিনি পুরোপুরি ফিট নন। কিন্তু তবুও প্রথম ম্যাচে খেলবেন। অধিনায়কের এই মন্তব্যের সঙ্গে মোটেও একমত হলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রতিদিনের বাংলাদেশের কাছে তিনি সাফ জানালেন, এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ।
এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব।’
তামিম ইকবাল ইনজুরির সঙ্গে লড়ছেন লম্বা সময় ধরে। ফিটনেস না থাকায় তিনি আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে একমাত্র টেস্ট ম্যাচ খেলেননি। সাম্প্রতিক সময় বেশ কয়েকটি সিরিজও তিনি মিস করেছেন ফিটনেসের সংকটে।
সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই দুটো টুর্নামেন্টকে সামনে রেখে দল সাজাচ্ছে বাংলাদেশ। কিন্তু তামিমের ইনজুরি এবং ফিটনেস জটিলতায় দলের সংকট বাড়াচ্ছে। প্রায় প্রতিটি সিরিজেই তামিমের ইনজুরি নিয়ে দলকে নতুন করে চিন্তা করতে হচ্ছে। কোচকে পরিকল্পনায় বদল আনতে হচ্ছে। অন্তত বিশ্বকাপের আগেভাগে এমন সমস্যা আর দেখতে চায় না টিম ম্যানেজমেন্ট।
সেই প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলছিলেন, তামিমের এমন কথা আমার মেজাজ খারাপ করে দিয়েছে। হাতু (হাতুরেসিং) আমাকে ফোন দিয়ে আধঘণ্টা চিল্লাচিল্লি করছে। এটা কি সে পাড়ার খেলা পেয়ে গেছে নাকি! যে আমি ফিট আছি কি না, তা খেলে দেখব। হয় আপনি ফিট, নয়তো ফিট না। ডাক্তাররাও কিছু পাচ্ছে না তো! আমি তো আসলে জানি না যে ও এই কথা বলছে। আমাকে এটা কোচ বলেছে। আমাকে কিছুক্ষণ আগে কোচ ফোন করেছিল। তামিম ফিট না হলে ফিট নাÑ এটা নাকি খেলে দেখবে সে। আন্তর্জাতিক ম্যাচ কি এমন মনোভাব নিয়ে কেউ খেলতে নামে? এটা হয় নাকি! দেখি, কালকে মাঠে যাব এই জন্যই। আসলে ওর মনটাকে শক্ত করতে হবে। ওর ডিসিশান নিতে হবে ও আসলে কী চায়। খেলব কি খেলব না, দেখি... এমন করেই যাচ্ছে। এর আগের ম্যাচেও তো তাই করেছে।’