প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ২০:১৪ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩ ২০:৪৩ পিএম
বাছাইপর্বের সুপার সিক্স পর্বে শেষ ম্যাচ। জিতলেই টিকিট পেত জিম্বাবুয়ে। কিন্তু মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ডের কাছে আফ্রিকান দলটি হেরে গেছে ৩১ রানে। এ হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেল সিকান্দার রাজারা। রোমাঞ্চকর ম্যাচটি জিতে বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়ে গেল স্কটিশরা। তাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে।
শ্রীলঙ্কা আগেই বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিয়েছে। বাছাইপর্ব থেকে যাবে আর মাত্র একটি দল। সেই জায়গাটি দখলের জন্য এখন লড়াইটা হবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে। সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে ৬ জুলাই (বৃহস্পতিবার) মাঠের লড়াইয়ে নামবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
বৃহস্পতিবার ডাচদের বিপক্ষে জিতলেই বিশ্বকাপের মূলপর্বে নাম লিখবে স্কটিশরা। কেননা ৬ পয়েন্ট নিয়ে এখন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড। তাদের রান রেট ০.২৯৬। নেদারল্যান্ডসের চেয়ে পয়েন্ট ও রান রেট দুই দিক থেকেই এগিয়ে এখন তারা। চারে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট এখন ৪। তাদের রান রেট -০.০৪২। তাই ডাচদের শেষ ম্যাচ শুধু জিতলেই হবে না, জয় পেলেও তাদের পয়েন্ট হবে স্কটল্যান্ডের সমান ৬। যে কারণে বিশ্ব আসরে খেলার স্বপ্ন সত্য করতে রান রেটও বাড়াতে হবে তাদের। কোনো কারণে জিতেও নেদারল্যান্ডস রান রেট বাড়াতে না পারলে হেরেও সমান পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে বিশ্বকাপে চলে যাবে স্কটল্যান্ড।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩৪ রানের পুঁজি গড়ে স্কটল্যান্ড। ২ রানের জন্য ফিফটি মিস করেন মাইকেল লিয়াস্ক (৪৮)। ওপেনার ম্যাথু ক্রস ৩৮, ব্র্যান্ডন ম্যাকমুলেন ৩৪ ও জর্জ মুনশি ৩১ যোগ করেন দলীয় স্কোরে।
জবাবে ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও জয় ছিনিয়ে নিতে পারেননি রায়ান বার্ল। ৪১.১ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ওয়েসলি মাধেবেরে ৪০ রানের সঙ্গে সিকান্দার রাজা এনে দেন ৩৪ রান। ক্রিস সোল তিন উইকেট নিয়ে হন ম্যাচসেরা।