× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত বিশ্বকাপে অংশ নিতে সরকারের কাছে পিসিবির চিঠি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১০:৫৩ এএম

আপডেট : ০২ জুলাই ২০২৩ ১১:৩৬ এএম

ভারত বিশ্বকাপে অংশ নিতে সরকারের কাছে পিসিবির চিঠি

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। ১৩তম এ আসরটিতে অংশগ্রহণ করবে ১০টি দল। ইতোমধ্যে যার সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে অংশ নিতেই পাকিস্তান সরকারের কাছে ভ্রমণ ছাড়পত্র চেয়ে চিঠি লিখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মূলত দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের কারণে ভারত সফরের জন্য সরকারি অনুমতির প্রয়োজন হয় দেশটির নাগরিকদের। এদিকে প্রতিবেশী দেশে ক্রিকেটের এত বড় আয়োজন হওয়ায় এবং নিজেদের দল অংশ নেওয়ায় স্বাভাবিকভাবেই পাকিস্তান সমর্থকরা দেশটিতে ভ্রমণ করতে চাইবে। তবে ভারত সফরের ব্যাপারে বেশ সতর্ক পিসিবি। সরকারের চূড়ান্ত অনুমতি ছাড়া ভারত বিশ্বকাপে দল পাঠাতে চায় না তারা। আর সে কারণেই বিশ্বকাপের সূচি প্রকাশের পরপরই ভারতে ভ্রমণের জন্য আনুষ্ঠানিক ছাড়পত্র চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি লিখেছে পিসিবি। তবে চিঠির উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। বিষয়টি ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করে জানিয়েছে পিসিবি।

পিসিবির জানায়, ‘মঙ্গলবার বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করার পরপরই আমরা আমাদের পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফকে আন্তঃপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি লিখেছিলাম, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুলিপি করে ছাড়পত্রের অনুরোধ জানিয়েছিলাম। যাতে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি।’

পিসিবি আরও জানায়, ‘ভারত সফর করার সিদ্ধান্ত এবং যেখানে আমরা আমাদের ম্যাচগুলো খেলতে পারি সেই ভেন্যুগুলোকে অনুমোদন করার সিদ্ধান্ত পাকিস্তান সরকারের বিশেষাধিকার। আমাদের সরকারের সিদ্ধান্তের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তাদের পক্ষ থেকে আমাদের যা পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব আমরা। এটি সম্পূর্ণরূপে সরকারের ওপর নির্ভর করছে। পরবর্তী পদক্ষেপের বিষয়ে পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা তা অনুসরণ করতে চাই। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করতে হয় এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার জন্য ভারতে একটি অগ্রিম দল পাঠানোর প্রয়োজন হয়, তবে এটি সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্ত হবে।’

উল্লেখ্য, আসন্ন ভারত বিশ্বকাপে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ অক্টোবর। আসরে মোট পাঁচটি ভেন্যুতে নয়টি ম্যাচ খেলবে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার ওয়ান থেকে উঠে আসা দল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে ১৫ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ৩১ অক্টোবর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা