প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১৯:১২ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩ ১৯:১৩ পিএম
চোট কাটিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি। তবে তার জন্য যে বেশ ভালোভাবেই প্রস্তুত আছেন সেটারই যেন জানান দিলেন শাহিন শাহ আফ্রিদি। ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে নটিংহাম্পশায়ারের হয়ে প্রথম ওভারেই প্রতিপক্ষের চার উইকেট তুলেছেন পাকিস্তানের এই তারকা পেসার। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ওভারে চার উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে গড়েছেন বিশ্বরেকর্ড।
শুক্রবার বার্মিংহাম বিয়ার্সের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে অবিশ্বাস্য এক পারফরম্যান্স দেখিয়েছেন আফ্রিদি। ম্যাচের প্রথম ওভারে চার উইকেট নিয়ে ম্যাক্সওয়েলদের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন তিনি। এদিন প্রথম বলটা ওয়াইড দিয়ে শুরু করার পর অ্যালেক্স ডেভিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাঁহাতি পেসার। দুর্দান্ত এক ইয়োর্কারে ডেভিসকে রীতিমতো ভূপতিত হতে বাধ্য করেন।
এরপর দ্বিতীয় বলে ক্রিস বেঞ্জামিনকে বোল্ড করেন। তৃতীয় এবং চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে দুইবার প্রান্তবদল করেন ড্যান মুওসলি এবং রবার্ট ইয়েটস। পঞ্চম বলে আবারও শাহিনের আঘাত। মুওসলির দুর্দান্ত ক্যাচ নেন ওলি স্টোন। স্বপ্নের মতো এমন ওভারে শেষটাও উইকেট দিয়ে রাঙিয়েছেন আফ্রিদি। শেষ বলে এড বার্নারর্ডের স্ট্যাম্প উপড়ে ইতিহাস গড়েন এই পাকিস্তানি পেসার।
আফ্রিদির এমন পারফরম্যান্সের পরেও অবশ্য জয় তুলতে পারেনি তার দল নটিংহাম্পশায়ার। তাদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য ২ উইকেট হাতে টপকে যায় বার্মিংহাম। ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলে ম্যাচ ছিনিয়ে নেন বার্মিংহামের রবার্ট ইয়েটস।