প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩ ০৭:৩৬ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩ ০৭:৩৮ এএম
আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরবর্তী লক্ষ্য ভারত। প্রতিবেশী দেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মিরপুরে মাঠে নামবেন বাংলাদেশের মেয়েরা।
আরও পড়ুন : বিশ্বকাপে নেই তাহলে ওয়েস্ট ইন্ডিজ?
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কোচ হাসান তিলকারত্নে স্পষ্টভাবে বলেন, ‘ইতিবাচক ফলাফল এত সহজে আসবে না। আমাদের সে অনুযায়ী কাজ করতে হবে।’ তিনি আরও জানান, ‘মেয়েদের ঠিকভাবে আগলে রাখলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
গত শনিবার থেকে শুরু হয়েছে মেয়েদের স্পিন বোলিং কোচিং। দায়িত্ব পাওয়া দিনুকা হেত্তিয়ারাচ্চির অধীনে নিজেদের স্পিন বোলিংয়ে শান দিচ্ছেন মেয়েরা। আগামী ১ জুলাই থেকে শুরু হবে মেয়েদের ভারত সিরিজের প্রস্তুতি।
ভারতীয়দের পর এশিয়ান গেমস ও পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। এসবের আগে ক্যাম্পে ক্রিকেটারদের একটি প্রক্রিয়ার মধ্যে রাখতে চান তিলকারত্নে, ‘অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দল আছে আমাদের। প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের সামনে ব্যস্ত সূচি রয়েছে। ভারত আসছে, এশিয়া গেমস আছে ও পাকিস্তান আসবে। এসব কঠিন চ্যালেঞ্জে প্রক্রিয়া ঠিক রেখে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, মেয়েদের ঠিকভাবে আগলে রাখলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
আগামী ৯ জুলাই মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ মিশন। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।