প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ২০:১৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ২২:১৯ পিএম
বাংলাদেশে আসতে চান এমিলিয়ানো মার্টিনেজ। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল কথাটা। আর্জেন্টাইন গোলরক্ষক দিয়েছিলেন সুখবরটা। তবে সিদ্ধান্তটা চূড়ান্ত ছিল না। তার সফর নিয়ে স্পন্সর কোম্পানির সঙ্গে চলছিল আলোচনা। অবশেষে মিলল চূড়ান্ত খবর। ৩ জুলাই ঢাকায় পা রাখবেন কাতার বিশ্বকাপজয়ী এ তারকা ফুটবলার। ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্টিনেজ নিজেই।
জুলাইয়ের ৩ তারিখে এক দিনের সফরে ঢাকায় আসবেন মার্টিনেজ। মূলত মার্টিনেজ ৩ থেকে ৫ জুলাই ভারতীয় উপমহাদেশ ভ্রমণে আসবেন। বিষয়টি নিশ্চিত করে মার্টিনেজ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আগামী ৩ জুলাই ২০২৩ তারিখে ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে। বাংলাদেশ থেকে আমার সফর শুরু হবে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে। বাংলাদেশের সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আড়াই দিনের ভারত অভিযান। রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহভরে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’
আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের মৌসুম শেষ হওয়ায় এখন ছুটি কাটাতে ব্যস্ত হয়ে পড়বেন ফুটবলাররা। সেই ছুটিতে বাংলাদেশ ঘুরে যাবেন মার্টিনেজ। তার এই সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের সঙ্গে প্রতিদিনের বাংলাদেশ যোগাযোগ করলে প্রতিষ্ঠানের কর্ণধার শতদ্রু দত্ত বলেন, ‘মার্টিনেজকে নিয়ে আসব— বাংলাদেশকে কথা দিয়েছিলাম। আমি সেই কথা রাখলাম, এখন সবকিছু ঠিকঠাক মতো করতে চাই।’
৩৬ বছর পর আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে। কাতারের লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির হাতে উঠেছে আরাধ্য ট্রফি। জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসার কথা ছিল আর্জেন্টিনার। লিওনেল মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেক দূর গড়ালেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। তবে বিশ্ব আসরে দুর্দান্ত পারফর্ম করে সেরা গোলকিপারের স্বীকৃতি অর্জন করা এমি আসছেন বাংলাদেশে।