প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৬:১৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ১৬:২২ পিএম
সপ্তাহখানেক আগে স্প্যনিশ গণমাধ্যম মার্কা জানিয়েছিল, ইলকে গুন্দোগানকে দলে টানতে এগিয়ে আছে বার্সেলোনা। মুন্দো দিপোর্তিভো ও দিয়ারিও স্পোর্ত দিয়েছিল পাকা খবর, সিটি ছেড়ে বার্সায় যাচ্ছেন জার্মান মিডফিল্ড তারকা। অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। সেটিও এসে গেছে। বার্সেলোনা এবং গুন্দোগান দুজনেই জানিয়ে দিয়েছেন এখন থেকে সিটির গুন্দোগান বার্সার।
মৌসুমের মাঝেই বার্সেলোনাকে ইতিবাচক সাড়া দিয়েছিলেন গুন্দোগান। তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা অবশ্য চালিয়েছিল সিটি। তাতেই পেয়েও যেন পাওয়া হচ্ছিল না কাতালান ক্লাবটির। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নিয়েছেন এই জার্মান মিডফিল্ডার।
ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। ন্যু ক্যাম্পে দুই মৌসুমের জন্য গুন্দোগান চুক্তি করেছে বার্সা, যেটির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। ফ্রি ট্রান্সফার হওয়ায় এই দলবদলে বার্সার কোনো টাকা-পয়সা খরচ হচ্ছে না। ক্লাবটিতে চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবেন গুন্দোয়ান। তবে এর জন্য দ্বিতীয় মৌসুমে মোট ম্যাচের অর্ধেকের বেশি খেলতে হবে তাকে। ৩২ বছর বয়সী তারকার বাই-আউট ক্লজ নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ইউরো।
সিটির সাবেক হয়ে যাওয়া অধিনায়ক বিবৃতিতে বলেছেন, ‘গত সাত বছর ধরে ম্যানচেস্টার সিটির অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। ম্যানচেস্টার সিটি আমার ঘর। এখানে অনেক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। আর গত মৌসুমটা ছিল বিশেষ। আমার ক্যারিয়ারের সেরা অভিজ্ঞতা।’
২০১৬ সালে পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর তাকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে এনেছিলেন। যদিও শুরুর দিকে খুব একটা সফল ছিলেন না, কিন্তু ধীরে ধীরে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন সিটির। ইতিহাদের ক্লাবটির হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ১৪টি ট্রফি। সিটির জার্সিতে গত সাত বছরে ৩০০ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৬০টি।