প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১২:৪৩ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩ ১২:৪৪ পিএম
এক সময়ের বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজকে এখন খেলতে হচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব। সেখানেও আলো ছড়াতে পারছে না দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে হেরেছে ৩৫ রানের ব্যবধানে। তাতে ঝুঁকিতে পরেছে তাদের বিশ্বকাপের মূলপর্বে খেলা। ম্যাচ হারের অন্যতম কারণ বেশ কিছু সহজ ক্যাচ হাতছাড়া হওয়া। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের ওপর বেশ বিরক্ত দলটির কোচ ড্যারেন স্যামি। তার মতে, প্রতিপক্ষকে এভাবে সুযোগ করে দিলে ক্রিকেট ঈশ্বর শাস্তি দেবেই।
ম্যাচে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান করা সিকান্দার রাজাকে দুটি সুযোগ করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। প্রথমটি ১ রানে দ্বিতীয়টি ৭ রানে। সেই সুযোগে ৫৮ বলে ৬৮ রান করে রাজা। এছাড়ার ম্যাচে মোট ৪টি ক্যাচ হাতছাড়া করেছে ক্যারিবীয়রা। যার সুবাদে জিম্বাবুয়ে আড়াই শ পার করে। পরে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারে ৩৫ রানে।
বিষয়টি নিয়ে দলের ক্রিকেটারদের ওপর বিরক্ত ড্যারেন স্যামি। তার মতে, জয়ের যোগ্য ছিল না ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি অত্যন্ত হতাশ। টসে, আমরা যা করতে চেয়েছিলাম, তা হল প্রথমে বোলিং করা। সেটি হয়েছে। তবে, আমরা যদি এই ধরণের ফিল্ডিং প্রদর্শন করতে থাকি এবং প্রতিপক্ষের সেরা ব্যাটারদের সুযোগ করে দেই তবে ক্রিকেট ঈশ্বর আপনাকে শাস্তি দেবে। এটিই আজ আমাদের সাথে হয়েছে। এই জিনিসগুলি আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। আমরা অতীতেও এটি দেখেছি। আমি এই দলটিকে দিকনির্দেশনা দিচ্ছি এগিয়ে যাওয়ার জন্য এবং দায়িত্ব নেওয়ার বিষয়ে। তবে দুঃখের বিষয় আমরা আজ তা করিনি।’
বিশ্বকাপের মূলপর্বের টিকিট কাটা নিয়ে ক্রিকেটারদের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন স্যামি। তিনি বলেন, ‘আমি তাদের বলি, যারা টিকিট পেতে চান তাদের টিকিট অফিসে এসে সেই টিকিট কিনতে হবে। এই মুহূর্তে, আমাদের মধ্যে কেউ কেউ সেই ট্রেনটিতে চলার জন্য টিকিটটি কিনছে না।’