প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩ ২৩:৫৮ পিএম
টুর্নামেন্টের প্রথম ম্যাচটা আর্জেন্টিনাও হেরেছিল, ২০২২ কাতার বিশ্বকাপে দলটা শেষমেশ শিরোপা জিতেই ক্ষান্ত হয়েছিল। সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য বিশ্বকাপতুল্য কিছুই। এ থেকে বেরিয়ে এসে বাংলাদেশও অবশ্য তেমন কিছুই করে বসবে, তেমন ভাবনা পাঁড় ফুটবলভক্তও করেন বলে মনে হয় না। তবে কাতারে সৌদি আরবের কাছে হেরে যে পথে হেঁটেছিল আর্জেন্টিনা, বাংলাদেশও হাঁটছে একই পথে। জোর দিচ্ছে দলীয় ঐক্যে।
আরও পড়ুন - ছেত্রীর ৯১তম গোলের রাতে সেমিতে ভারত
প্রথম ম্যাচে লেবাননের কাছে হারলেও আলো ছড়িয়েছে গোটা দল। বসুন্ধরা কিংস মিডফিল্ডার সোহেল রানা ছিলেন তারই অগ্রভাগে। প্রথম ম্যাচের পরদিনই অনুশীলনে নেমে তিনি যা বললেন, তাতে স্পষ্ট ছাপ ছিল ২২ নভেম্বরের মেসির কথার। সেদিন মেসি বলেছিলেন, ‘আমাদের এখন যেকোনো সময়ের চেয়েও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে।’ সোহেলও বললেন একই কথা, ‘প্রথম ম্যাচটা হেরে গেছি আমরা, এখান থেকে কী করে বেরিয়ে আসতে হবে, তা নিয়েই ভাবছি আমরা। কাউকে দোষারোপ না করে আমরা দলীয় ঐক্যের দিকটা মাথায় রাখছি। কোচ বলেছেন সবকিছু ইতিবাচকই আছে, এখনও যে পরিস্থিতিতে আছি, তাতে আমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব।’
লেবানন ম্যাচে একটা পয়েন্টের সম্ভাবনা ভালোভাবেই মাথাচাড়া দিয়ে উঠেছিল বাংলাদেশের সামনে, সে সুযোগ খুইয়ে হতাশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তার কথা, ‘শেষে এসে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে, শেষ দশ-পনেরো মিনিটে আমরা মনোযোগ হারিয়েছি।’
তবে সে ভাবনা পেছনে ফেলে এখন মালদ্বীপ ম্যাচে মনোযোগ বাংলাদেশের। জামাল বললেন, ‘যা হয়েছে, তা ভুলে যেতে হবে। টুর্নামেন্ট শুরুর আগেই আমরা বলেছি মালদ্বীপ ম্যাচটা ফাইনাল, আমাদের সহ-সভাপতিও বলেছেন একই কথা। এখানেই মনোযোগ দিচ্ছি এখন আমরা।’
লেবানন ম্যাচ থেকে ইতিবাচক মনোভাব নিয়েই পরের ম্যাচের দিকে তাকাচ্ছে দল, জানালেন কোচ। জানালেন, সে ম্যাচটা মালদ্বীপের সঙ্গে জেতার অনুপ্রেরণাও দিচ্ছে জামালদের। হাভিয়ের কাবরেরার ভাষ্য, ‘কেউই অনুপ্রেরণা হারায়নি, সবাই খুব অনুপ্রাণিত। শেষ ম্যাচ থেকে আমরা এই অর্জনটা নিতে পারি যে, আমরা গতকাল যেমন দল ছিলাম, তার চেয়ে এখন আমরা বেশ ভালো দল। এটাই আমাদের মালদ্বীপের বিপক্ষে আরও বেশি সুযোগ এনে দিচ্ছে। আমাদের মানসিকতা থাকতে হবে জয়ের। একটা ম্যাচে নামলাম এক পয়েন্টের জন্য, এ মানসিকতাটা কেন থাকবে, এর কোনো অর্থ খুঁজে পাই না আমি।’