প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩ ২৩:৩৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩ ২৩:৫০ পিএম
মাঠের লড়াইয়ে দারুণ খেললেন সুনীল ছেত্রী। গোলের দেখাও পেলেন। আন্তর্জাতিক ফুটবলে তার ৯১ গোলের মাইলফলক ছোঁয়ার রাতে ভারতও পেল দাপুটে জয়। নেপালকে ২-০ গোলে বিদায় করে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল তারা। এ জয়ে শেষ চারে কুয়েতের সঙ্গী হলো ভারত।
আরও পড়ুন : শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন রোমান
সুযোগ মিস আর ভুলে শেষ হয় প্রথমার্ধ। ম্যাচের এক ঘণ্টা পূর্ণ হওয়ার পর দুই মিনিট পর ভারতকে এগিয়ে নেন সুনীল ছেত্রী। আট মিনিট বাদে গোল ব্যবধান দ্বিগুণ করেন নাওরেম মহেশ সিং।
স্বাচ্ছন্দ্যের এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই কুয়েতের পর সেমি-ফাইনালের টিকিট কাটল ভারত। তাই মঙ্গলবার, ২৭ জুন ভারত-কুয়েতের ম্যাচটি এখন হয়ে দাঁড়িয়েছে 'এ' গ্রুপের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার লড়াই।
আর হারে এক ম্যাচ বাকি রেখে বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের পর নেপালেরও। মঙ্গলবার তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখন কেবলই আনুষ্ঠানিকতার।