প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৩ ১০:২৮ এএম
আপডেট : ২২ জুন ২০২৩ ১১:২৩ এএম
পাকিস্তানকে পেয়ে গোল উৎসবে মেতেছিল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে বেঙ্গালুরুর কান্তি রাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে ভারত।
পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ২ গোল করেন ছেত্রী। ম্যাচের ১০ মিনিটে পাকিস্তান দলের গোলরক্ষকের ভুলে দলের লিড বাড়ান ভারতের অধিনায়ক। এরপর ১৬ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন সুনীল। প্রথমার্ধে আর কোনো গোল না হলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।
আক্রমণের পসরা সাজিয়ে দ্বিতীয়ার্ধে আরও দাপট দেখায় ভারত। স্বাগতিকদের মুহুর্মুহু আক্রমণে কোণঠাসা পাকিস্তান খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ৪৭ মিনিটে অহেতুক কাণ্ড করে লাল কার্ড দেখেন ভারতের কোচ স্টিমাচ।
বিরতির পর ৭৪ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। পেনাল্টি থেকে হ্যাটট্রিক করেন ছেত্রী। আর ৮১ মিনিটে উদান্ত সিং গোল করলে পাকিস্তানকে উড়িয়ে চলমান সাফে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নেয় ভারত।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে কুয়েত ৩-১ গোলে হারিয়ে দিয়েছে নেপালকে। ভারত তাদের বিপক্ষে খেলবে ২৪ জুন।