× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্টোবরে মেয়েদের লেবানন সফর!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৪:৪৯ পিএম

অক্টোবরে মেয়েদের লেবানন সফর!

দেশকে প্রথমবারের মতো সাফ শিরোপা উপহার দিয়েছেন মেয়েরা। দারুণ সেই সাফল্যের জন্য মেয়েদের জয়গান গেয়েছেন সবাই। কত পুরস্কার যে পেয়েছেন সাবিনা-স্বপ্নারা তার কোনো ইয়ত্তা নেই। আর্থিক পুরস্কার ও ক্রেস্ট কোনো কিছুর অভাব নেই। ফুটবলারদের যেটা বেশি দরকার, ম্যাচ খেলার সুযোগ সেটাই পাননি তারা। এ কারণে সেই গৌরবগাথা এখন ম্লান হওয়ার জোগাড়।

গত সেপ্টেম্বরে সাফ ট্রফি নিয়ে ছাদখোলা বাসে উল্লাস করেছেন মেয়েরা। সে প্রায় দশ মাস হয়ে যাচ্ছে। কিন্তু মাঠে নামার সুযোগ পাচ্ছেন না নারী ফুটবলাররা। মেয়েদের ফুটবল লিগ হয়েছে গত বছর। এরপর হবে হবে করেও হচ্ছে না টুর্নামেন্টটি। মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর দিনক্ষণ ঠিক হলেও সেও আলোর মুখ দেখেনি। ফলে হতাশাই নেমে এসেছে ফুটবলকন্যাদের মধ্যে। একে দেশের ফুটবলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন আনুচিং মগিনি, সাজেদা খাতুন, সিরাত জাহান স্বপ্না ও আঁখি খাতুন। দেশের নারী ফুটবলের অনিশ্চয়তার কারণে দল ছেড়েছেন তাদের প্রিয় কোচ গোলাম রব্বানী ছোটনও।

নারী ফুটবলারদের অলিম্পিক বাছাইয়ে খেলতে পাঠানোর কথা থাকলেও অর্থের অভাবের কারণে পাঠানো হয়নি। মিয়ানমার সফরে যেতে পারেননি তারা। নাম প্রত্যাহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল বাফুফে। মাঝে সিঙ্গাপুর ও মঙ্গোলিয়ার বিপক্ষে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত ম্যাচ হয়নি লাল-সবুজের জার্সিধারীদের। মাঠেই নামার সুযোগ পাননি জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা। এ নিয়ে কম বিতর্ক হয়নি।

অবশেষে মেয়েদের ভাগ্যের শিকে ছিঁড়ছে। খেলার সুযোগ পাচ্ছেন তারা। নেপালের বিপক্ষে দুটি প্রীতিম্যাচ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন সাবিনা-সানজিদারা। কোনো অঘটন না ঘটলে আগামী ১২ ও ১৫ জুলাই দেশের মাটিতে দুটি প্রীতিম্যাচ খেলবেন মেয়েরা। ঢাকার লড়াইয়ে মেয়েদের প্রতিপক্ষ সেই নেপাল। কাঠমান্ডুতে যাদের হারিয়ে সাফ জয়ের নতুন ইতিহাস গড়েছিলেন সাবিনারা।

নেপালের বিপক্ষে দুই ম্যাচের পর মেয়েরা পাচ্ছেন আরও দুটি প্রীতিম্যাচ খেলার সুযোগ। অক্টোবরেই হবে সেই ম্যাচ দুটি। এই দুই ম্যাচে বাংলাদেশের শত্রু লেবানন। খেলার জন্য মধ্যপ্রাচ্যের দেশটিতে অক্টোবরে যাবেন মেয়েরা। এটা ঠিক। কিন্তু ম্যাচের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

মেয়েদের প্রীতিম্যাচ নিয়ে বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘জুলাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দুটি চূড়ান্ত। লেবাননের সঙ্গে আলোচনা হয়েছে। তারা খেলতে রাজি হলেও এখনও লিখিত জানায়নি। প্রত্যাশা করছি, অক্টোবরে লেবানন সফরে যেতে পারবে মেয়েরা।’ 

মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার আগে অবশ্য চীন সফরে যাবেন দেশের মেয়েরা। প্রথমবারের মতো অংশ নেবেন এশিয়ান গেমসে। চীনের হাজুং শহরে এশিয়ান গেমসের আসর বসবে ২৩ সেপ্টেম্বর-৮ অক্টোবর পর্যন্ত। মহাদেশীয় এ বৃহত্তম আসরের নারী ফুটবল ইভেন্টের ড্র এখনও হয়নি। তাই বাংলাদেশ কাদের বিপক্ষে খেলবে সেটা এখনই জানা যাচ্ছে না। তবে লাল-সবুজের জার্সিধারীদের সঙ্গে এশিয়ান গেমসের নারী ফুটবল ক্যাটাগরিতে টিকিট পেয়েছে দক্ষিণ কোরিয়া, ভারত, মিয়ানমার, ফিলিপাইন, ভিয়েতনাম ও সিঙ্গাপুর। এদের মধ্য থেকেই চূড়ান্ত হবে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা