প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৪:৫৫ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩ ১৫:০১ পিএম
রিজার্ভ ডে-তেও হানা দিয়েছিল বৃষ্টি। খেলা অবশ্য পণ্ড হয়নি, তবে ২০ ওভারের মারকাটারি সংস্করণের ম্যাচটি ৯ ওভারে নেমে এসেছে। সেখানেই ব্যাটিংয়ে ধস দেখেছে বাংলাদেশ। নারী ইমার্জিং এশিয়া কাপে ৬০ রানের লক্ষ্য ছুড়েছে পাকিস্তানকে।
হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ফাতিমা সানা ও আনোসা নাসিরের বোলিং তোপে পড়েন স্বর্ণা আক্তার-লতা মন্ডলরা। ইনিংসের দ্বিতীয় বল থেকে উইকেট হারাতে থাকা দল ৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জমা করে ৫৯ রান।
মঙ্গলবার ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে টাইগ্রেস টপ অর্ডার, রান পাননি মিডল ও লোয়ার অর্ডার। দলের সর্বোচ্চ ২১ রান এসেছে আট নম্বরে ব্যাট করা নাহিদা আক্তারের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে রাবেয়া খান। বাকি কেউই ছুঁতে পারেনি দুই অঙ্ক।
ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানের বোলাররা। ২ ওভার করে বল করে যথাক্রমে ১০ ও ৬ রান দিয়ে তিনটি ও দুটি উইকেট নিয়েছেন ফাতিমা ও আনোসা। একটি উইকেট তুবা হাসানের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছোট লক্ষ্যে দারুণ শুরু করেছে পাকিস্তান। ২.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান তুলে নিয়েছে পাকিস্তানের নারী দল। বাকি ৩৮ বলে তাদের আরও ৪১ রান প্রয়োজন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এ দল: ৯ ওভারে ৫৯/৭ (রাবেয়া খান ১০*, নাহিদা আক্তার ২১, সুলতানা খান ৬, ফাতিমা সানা ১০/৩, আনোসা নাসির ৬/২)