× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাজার সেঞ্চুরিতে লিড নেওয়ার পথে অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ০০:০৬ এএম

খাজার সেঞ্চুরিতে লিড নেওয়ার পথে অস্ট্রেলিয়া

এজবাস্টনে ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিপক্ষে বাকিরা যেখানে আত্মসমর্পণ করেছে, সেখানে ঠাণ্ডা মাথায় প্রতিরোধ গড়ে তুলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। ইতোমধ্যেই ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট শতক পেয়ে গেছেন তিনি। এখন লড়ছেন প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৯৩ রান টপকে লিড নিতে।

সে পথে খাজাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অ্যালেক্স ক্যারি। এ দুজনের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনটা দারুণভাবে পার করেছে সফরকারীরা। ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে জমা করেছে ৩১১ রান। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া পিছিয়ে ৮২ রানে। অজি ওপেনারের দায়িত্বশীল ব্যাটিং এজবাস্টনে স্বপ্নবাজ করছে অস্ট্রেলিয়াকে।

এদিন সকালের শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন স্টুয়ার্ট ব্রড। আগের দিনের ৮ রানের সঙ্গে মাত্র ১ রান যোগ করে সাজঘরের পথ ধরেন ওয়ার্নার। উইকেটে পা রাখা মার্নাস লাবুশেনকেও দাঁড়াতে দেননি ব্রড। পরের বলেই লাবুশেনকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন ব্রড। তবে তাকে সফল হতে দেননি স্টিভেন স্মিথ। ব্রডকে হ্যাটট্রিক বঞ্চিত করলেও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি স্মিথ। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৬ রানে ক্রিজ ছাড়তে হয় স্মিথকে।

এরপর উইকেটে এসে উসমান খাজাকে সঙ্গ দেন ট্রাভিস হেড। চতুর্থ উইকেট জুটিতে স্কোরবোর্ডে ৮১ রান জমা করে ইংল্যান্ডকে বিপদে ফেলে দিচ্ছিল এই জুটি। ফিফটি তুলে চোখ রাঙাচ্ছিলেন হেড। তবে তাকে আর বাড়তে দেননি অবসর ভেঙে টেস্টে ফেরা মঈন আলি। তার বলে ক্যাচ তুলে ব্যক্তিগত ৫০ রানে সাজঘরের পথ ধরেন হেড।

এরপর ক্যামেরুন গ্রিনকে নিয়ে সেঞ্চুরির পথে পা বাড়ান উসমান খাজা। ইংলিশ বোলারদের সাজানো আক্রমণাত্মক ফিল্ডিংয়ের চোখ গলিয়ে ইনিংস লম্বা করেন খাজা। এগিয়ে যান ইংল্যান্ডের মাটিতে অভিষেক টেস্ট সেঞ্চুরির পথে। পথে গ্রিন ৩৮ রানে ফিরে গেলেও ক্যারিকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৫ তম সেঞ্চুরি আদায় করেনেন খাজা। এরপর আর উইকেটে আঘাত হানতে দেননি দুজনে। দিন শেষে খাজা অপরাজিত আছেন ১২৬ রানে। ক্যারি অপরাজিত আছেন ৫২ রানে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা