প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২২:৫৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ২৩:০৫ পিএম
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে আজ বিসিবির নিরাপত্তাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন এক সাংবাদিক। বাংলাদেশের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির প্রতিবেদক তাসফিক পলক মাঠে ঢোকার পথে লাঞ্ছনার শিকার হন।
আরও পড়ুন : ইমার্জিং দলে এক পরিবর্তন
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের জন্য বরাদ্দকৃত গেটে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য অপেক্ষা করছিলেন তিনি।
সেই সময় তার ওপর অতর্কিত হামলা চালায় নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা। হামলায় আহত হন পলক।
বিষয়টি পরে মিরপুরের প্রেস বক্সে ছড়িয়ে পড়লে মিডিয়া সেন্টারের দ্বিতীয় তলায় নেমে প্রতিবাদ জানান সাংবাদিকরা। এই ঘটনার কিছুক্ষণ পর বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক প্রেস বক্সে এসে আহত সাংবাদিকের কাছে ক্ষমা চান।
আশ্বাস দেন পরবর্তীতে ঘটবে না এই ধরনের কোনো ঘটনা। পরবর্তীতে ঘটনায় জড়িত থাকা ব্যক্তিরাও পলকের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে সাংবাদিকদের লাঞ্ছনার ঘটনা নতুন নয়। এর আগে ২০০৬, ২০১৫ ও ২০১৬ সালে কয়েকবার নিরাপত্তা কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন সাংবাদিকরা।