প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২০:৩২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ২১:০১ পিএম
পরপর দুই বিশ্বকাপের মূল পর্বে জায়গা হারানোর পরও ঘুরে দাঁড়ানোর কথা শুনিয়েছিলেন ইতালির কোচ রবার্তো মানচিনি। পুনর্জাগরণের স্বপ্ন দেখিয়ে সমর্থকদের মনে আশার ফানুস উড়িয়েছিলেন। তবে হোঁচট খেতে সময় লাগেনি। গত মার্চে ২০২৪ ইউরো বাছাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর এবার চার দলের উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে হেরেছে দলটি।
বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর থেকে ছিটকে গেছে ইতালি। ম্যাচে একাধিকবার সুযোগ তৈরি করেও মানসম্পন্ন স্ট্রাইকারের অভাব বোধ করেছেন দলটির কোচ মানচিনি। ম্যাচ শেষে সেই আক্ষেপের কথাই তিনি শুনিয়েছেন।
স্ট্রাইকার নিয়ে আফসোস করে মানচিনি বলেন, ‘আমরা সবকিছু নতুনভাবে শুরু করেছি এবং এভাবেই এগিয়ে যাব। এ মুহূর্তে আমাদের দলে ভালো মিডফিল্ডার ও ডিফেন্ডার আছে, কিন্তু মেধাবী ফরোয়ার্ডের ঘাটতি আছে। জানি না কেন।’
স্পেনের বিপক্ষে হারের ম্যাচে সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করেছিল ইতালি। এমনকি সুযোগ ছিল প্রথমার্ধে এগিয়ে থাকার। যদিও শেষ পর্যন্ত ভিএআরে বাতিল হয় গোলটি। তবে দ্বিতীয়ার্ধে আর ম্যাচ নিজেদের করতে পারেনি মানচিনির দল। আক্রমণভাগ ভুগিয়েছে ম্যাচের পুরোটা সময়। যা নিয়ে মানচিনি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা ভিন্নভাবে সাজিয়েছিলাম। প্রথমার্ধে স্পেনের পাস আটকে দিয়ে কাজগুলো ভালোভাবেই করেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা খুব বেশিই বিবর্ণ হয়ে পড়েছিলাম। যার ফলে শেষদিকে আমাদের গোল হজম করতে হয়েছে।’