প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১২:৩৮ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩ ১৩:২৭ পিএম
কার্লো আনচেলত্তিকে নিয়ে গুঞ্জনটা বেশ পুরোনো—রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন বলেও ইউরোপের মিডিয়াগুলোয় পাকা খবর। তবে এখনও নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেননি ইতালিয়ান কোচ। উল্টো স্প্যানিশ ডেরায় চুক্তির শেষ পর্যন্ত থাকার আভাসই দিয়েছেন লস ব্লাঙ্কোসদের বস। কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেস নাছোড়বান্দা। চলতি সপ্তাহেই আনচেলত্তির সঙ্গে কোচিং বিষয়ে পাকা কথা বলতে চান।
ইএসপিএন জানিয়েছে, মাদ্রিদে মঙ্গলবার একটি বর্ণবাদবিরোধী প্রচার শেষে রদ্রিগেস বলেছেন, চলতি সপ্তাহে আনচেলত্তি বা তার প্রতিনিধির সঙ্গে ব্রাজিলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। তিনি আশাবাদী ইতালিয়ান বস সেলেসাওদের কোচ হওয়ার প্রস্তাবে সাড়া দেবেন।
আরও পড়ুন :
তারকাসমৃদ্ধ ব্রাজিলকে সামলাতে ইতালিয়ান আনচেলত্তির মতো একজন অভিজ্ঞ কোচকেই নাকি খুঁজছে সিবিএফ। এর আগে তারা ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা এবং পর্তুগিজ হোসে মরিনহোর কাছেও প্রস্তাব নিয়ে গিয়েছিল। যদিও দুই পক্ষ থেকে এসেছে নেতিবাচক উত্তর।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় নেইমারদের। হতাশাজনক বিদায়ের পর চাকরি ছাড়তে হয় কোচ টিটেকেও। এর পর থেকে দলকে পুনর্গঠিত করতে নতুন কোচের সন্ধানে আছে সেলেসাওরা। টিটের বিদায়ের পর বেশ কিছু নাম সামনে এলেও এবার আনচেলত্তিকে চাচ্ছে লাতিন জায়ান্টরা। দুই পক্ষের আলাপও নাকি এগিয়েছে অনেকদূর।
ইএসপিএনের সাংবাদিক ব্রুনো ভিকারির বরাতে ইংলিশ ডেইলি সান নিশ্চিত করেছে, ব্রাজিলের কোচ হতে রাজি আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুম শেষেই সেলেসাও ডেরায় যাবেন ৬৩ বর্ষী কোচ। অবশ্য আনচেলত্তি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বলেছেন তাতে সেলেসাও ভক্তদের খানিকটা কষ্ট পাওয়ার কথা! আনচেলত্তির ভাষ্যমতে, ‘আমার ভবিষ্যৎ পরিষ্কার। চুক্তি ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে, আগামীকাল নয়!’
কদিন আগে ইএসপিএন জানিয়েছিল, ব্রাজিল বা আনচেলত্তি কেউ কোচ হিসেবে যোগ দেওয়ার কথা এখনই প্রকাশ্যে বলবেন না। কেননা ২০২৪ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি আছে। তবে সব ঠিক থাকলে মৌসুম শেষে নেইমার-ভিনিসিয়ুসদের বস হতে যাচ্ছেন রিয়ালের বস!