× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাশেজে ফেরার প্রস্তাবের জবাবে মঈন বলেছিলেন ‘লল’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১১:৪১ এএম

অ্যাশেজে ফেরার প্রস্তাবের জবাবে মঈন বলেছিলেন ‘লল’

মঈন আলী বিষয়টিকে মজা ভেবেছিলেন। ইংলিশদের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস তার কাছে স্রেফ একটা শব্দে প্রশ্ন রেখেছিলেন, ‘অ্যাশেজ?’ অধিনায়কের এটা নেহাত মজাই ভেবে বসেছিলেন মঈন, কেননা আগে কখনও অবসর ভেঙে টেস্টে ফিরুক মঈন বা এমন কিছু মুখেও আনেননি স্টোকস। তাই জবাবটাও মোক্ষম দিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার, ‘এলওএল’। কিন্তু মঈনের ভুল ভাঙে পরে, অ্যাশেজ দিয়ে টেস্টে প্রত্যাবর্তনের ঘোষণাটাও দেন।

গতকাল এক সংবাদ সম্মেলনে মঈন তার ফেরার গল্প শুনিয়েছিলেন। অলরাউন্ডারের মতে, বিষয়টি বিশ্বাস করার মতো ছিল না, ‘লিচি (জ্যাক লিচ) চোট পেয়েছে। তার জন্য এবং দলের জন্য বিষয়টি খুব দুঃখের। স্টোকসি (স্টোকস) আমাকে প্রশ্নবোধক চিহ্নসহ বার্তা পাঠিয়েছিল—অ্যাশেজ? আমি তখনও লিচির চোটের খবরটা পাইনি। উত্তরে তাই স্রেফ লিখেছিলাম এলওএল (লল)। ভেবেছিলাম স্টোকস মজা করছে আমার সঙ্গে। তবে এর পরই খবরটি জানতে পারি আমি। স্টোকসের সঙ্গে কথা হয়।’

কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে জ্যাক লিচই ছিলেন লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক। শুধু উইকেট নেওয়ার ক্ষেত্রেই নয়, বরং সর্বোচ্চ ওভার করার দিক থেকেও সাম্প্রতিক সময়ে তিনি সবার ওপরে রয়েছেন। এ অবস্থায় লিচের যথাযথ বিকল্প খুঁজে পাওয়া কঠিন। রেহান আহমেদ ও ম্যাট পারকিনসনরা হাত ঘোরাতে জানলেও অ্যাশেজের চাপ নেওয়ার জন্য প্রস্তুত নন। তাই মঈন আলীকে ফেরার প্রস্তাব দিয়েছিলেন স্টোকস। তিনিও বিষয়টি গ্রহণ করেছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে টেস্টে ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছিলেন মঈন। সে বছরই সবশেষ টেস্ট খেলেন ভারতের বিপক্ষে। ২০১৪ সালে টেস্ট অভিষেকের পর ক্যারিয়ারে মোট ৬৪টি টেস্ট খেলেছেন; করেছেন ২৯১৪ রান এবং উইকেটসংখ্যা ১৯৫। তবে ১৬ জুন শুরু হতে চলা অ্যাশেজ সিরিজে ফের নতুন করে টেস্ট সূচনা করতে যাচ্ছেন মঈন। মূলত বোলিং হিসেবে তাকে দলে নেওয়া হলেও ৮ নম্বর ব্যাটার হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে ইংলিশ অলরাউন্ডারের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা