প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১১:৩৩ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩ ১২:০৬ পিএম
ইউরোপসেরা ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ পেতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সময়ের সেরা সব ফুটবলারকে এক ক্লাবে জড়ো করেছিলেন পিএসজির মালিক নাসের আল খেলাইফি। বিনিময়ে লিগ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। আর সে কারণেই তারকা ফুটবলারদের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে তার। ইতোমধ্যেই ক্লাব বদল করেছেন মেসি। নেইমারকে নিয়েও আছে গুঞ্জন। বাকি ছিল কেবল ঘরের ছেলে এমবাপে। এখন শোনা যাচ্ছে তাকেও দলবদলের বাজারে তুলবে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে এমনটাই।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপের রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকার বেশি।
এমবাপের রিলিজ ক্লজ এত বিশাল অঙ্কের হওয়ার কারণ, গত মৌসুমেই পিএসজি ছাড়তে চেয়েছিলেন তিনি। তখন বেতন বাড়ানোসহ বেশকিছু বাড়তি সুবিধা দিতে হয়েছে তাকে। সঙ্গে বয়স বিবেচনায়ও ক্লাবগুলোর টার্গেট তিনি। তাই বেশি বেতন দিয়ে এমবাপেকে রাখতে হয়েছে পিএসজির। আর সে কারণেই এমবাপের রিলিজ ক্লজেও বিশাল অঙ্কের টাকা রাখে পিএসজি; যাতে চাইলেও খুব সহজেই এমবাপেকে নিতে না পারে কোনো ক্লাব।
লেকিপ জানিয়েছে, এমবাপের সঙ্গে পিএসজির চুক্তি ছিল মূলত দুই বছরের। সেখানে একটি শর্ত ছিল, এমবাপে চাইলে চুক্তিটা আরও এক বছরের জন্য বাড়াতে পারবেন। তবে সেই শর্ত এমবাপেকে সক্রিয় করতে হবে এ বছরের জুলাইয়ের মধ্যে। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এমবাপে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন। অর্থাৎ আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপে। তবে সেটা চাচ্ছে না পিএসজি। ফলে চলতি মৌসুমেই এমবাপেকে ছাড়তে পারে পিএসজি। ফরাসি বিশ্বকাপজয়ী তারকাকে বিক্রি করে হাতিয়ে নিতে পারে মোটা অঙ্কের টাকা।