প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৫:১৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ১৫:২২ পিএম
আইসিসির মে মাসের প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, হ্যারি টেক্টর ও বাবর আজম। সবাইকে চমকে দিয়ে শান্ত-বাবরদের ছাপিয়ে মাসসেরা ক্রিকেটার হয়েছেন আইরিশ ব্যাটার টেক্টর।
মে মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে মাস সেরার সম্মাননা পান টেক্টর। ২০২১ সালের জানুয়ারিতে পল স্টার্লিং সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেও মাস সেরা হতে পারেননি। মেয়েদের ক্রিকেটে মাসসেরার স্বীকৃতি পেয়েছেন থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমাকে টপকে যান তিনি।
ছেলেদের বিভাগে সেরার লড়াইয়ে টেক্টর পেছনে ফেলেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান শান্ত ও পাকিস্তান অধিনায়ক বাবরকে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার দল হারলেও ব্যাট হাতে সাবলীল পারফরম্যান্স করেছেন টেক্টর। প্রথম ম্যাচে অপরাজিত ২১ রান করেছিলেন টেক্টর। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ১১৩ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১৪০ রানের ইনিংস। শেষ ম্যাচে করেন ৪৫ রান। পারফরম্যান্সে অবশ্য তাকে দারুণ টক্কর দিয়েছেন শান্তও। কিন্তু ভোটিংয়ে বাবর ও শান্তকে হারিয়ে দেন টেক্টর।