প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৩ ১২:৩৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩ ১৩:১১ পিএম
এশিয়া কাপ পাকিস্তানে গড়ানোর ইস্যুতে ভারত আগেই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলোয়াড় পাঠাবে না। নিরাপত্তা ইস্যু দেখিয়ে পেছনে হটা ভারতকে আসরে রাখতে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। তবে সেখানেও বাদ সেধেছিল ভারত। তাতেই ঝুলছিল এশিয়া কাপের ভাগ্য। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পাকিস্তানের হাইব্রিড মডেলের অনুমোদন দিতে যাচ্ছে। তাতে ভারত তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলবে।
ক্রিকইনফো জানায়, চলতি সপ্তাহের শেষেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। সেপ্টেম্বরের ১ থেকে ১৭ তারিখ আসরের সূচি রয়েছে। পাকিস্তানের সবকটি ম্যাচ হতে পারে লাহোরে। ভারতের সবগুলো ম্যাচ গড়াবে শ্রীলঙ্কায়। ভারত ফাইনালে উঠলে সেটিও হবে নিরপেক্ষ ভেন্যুতে।
কদিন আগে, পাকিস্তানের জিও নিউজ জানিয়েছিল, দুটি পর্যায়ে মাঠে গড়াবে এশিয়া কাপ। প্রথম ধাপের অর্থাৎ গ্রুপপর্বের চারটি ম্যাচ পাকিস্তানে হবে। ভেন্যু হিসেবে থাকবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। আসরের বাকি ম্যাচগুলো হবে দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ের বদলে শ্রীলঙ্কায় হতে পারে।
পাকিস্তানে খেলতে আসতে বেকে বসা ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) উদ্দেশ্যে দুটি অপশন দিয়ে রেখেছে পিসিবি। একটি হাইব্রিড মডেল—ভারত তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারবে এবং অন্য ম্যাচগুলো পাকিস্তান নিজেদের ভেন্যুতে আয়োজন করবে। অন্যটি, গ্রুপ পর্বের চারটি ম্যাচ পাকিস্তানের মাটিতে হবে এবং বাকিগুলো গড়াবে নিরপেক্ষ মাঠে। তবে সিদ্ধান্ত এখন এসিসির কোর্টে, হাইব্রিড মডেল ভারত মানে কিনা সেটি নিয়েও থাকছে প্রশ্ন।