প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুন ২০২৩ ২০:২৫ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩ ০১:০০ এএম
লক্ষ্যটা হিমালয়সম। ৪৪৪ রান। এত বিশাল স্কোর তাড়া করে ভারত আগে কখনোই টেস্ট জেতেনি। অসম্ভবকে সম্ভব করতেই ব্যাট চালিয়ে যাচ্ছে তারা। প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের পেস ঝড় সামলে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত এক উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে এশিয়ার দলটি। তবে এখনও ৪০৩ রানে পিছিয়ে রোহিত শর্মার দল।
চা বিরতিতে যাওয়ার আগে ভারতীয় শিবিরে আঘাত হানেন স্কট বোল্যান্ড। তার গুড লেন্থের বল প্রতিরোধের চেষ্টাই করেছিলেন শুভমান গিল। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় ক্যামেরুন গ্রীনের হাতে। ক্যাচ নিয়ে সন্দেহ ছিল। রিপ্লে দেখে থার্ড আম্পায়ার গ্রীনের নেওয়া দুর্দান্ত ক্যাচকে বৈধ ঘোষণা করেন। ফেরার আগে ১৮ রান করেন ওপেনার গিল। ২২ রান নিয়ে এখনও ক্রিজে টিকে আছেন তার উদ্বোধনী পার্টনার রোহিত শর্মা।