প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুন ২০২৩ ১২:৩৩ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩ ১৩:০৭ পিএম
গোলের পর গোল করে আর্লিং হালান্ড নিজের নাম প্রতিষ্ঠা করেছেন ‘গোলমেশিন’ হিসেবে। রেকর্ড খাতার কাটাকুটির খেলায় ছাপিয়ে গেছেন ক্লাবের সবাইকে, অ্যালান শিয়েরার ও অ্যান্ড্রু কোলকে সরিয়ে গড়েছেন প্রিমিয়ার লিগে এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড। ম্যানচেস্টার সিটির দুর্দান্ত মৌসুমের অন্যতম কারিগরও তিনি। কিন্তু রোবট হালান্ড ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে নামার আগে ভয় পাচ্ছেন, খানিকটা চাপও অনুভব করছেন নরওয়েজিয়ান সেনসেশন।
ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ফয়সালা হবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ইতালিয়ান জায়ান্টদের ঘরে তিন থেকে চার শিরোপা নাকি ইংলিশ ডেরায় ফিরবে ইউরোপ সেরার পুরস্কার— বেশ জোরালো প্রশ্ন। কিন্তু নিজেদের পক্ষে উত্তর আনতে হালান্ডের ওপর ভরসা রাখছেন সিটিজেনরা। সেই হালান্ড চাপ অনুভব করছেন?
আরও পড়ুন : অপেক্ষা কিংবা আক্ষেপ ঘোচানোর ফাইনাল
চাপ মনে হচ্ছে? হালান্ড এমন প্রশ্নে দিয়েছেন অকপট উত্তর, ‘যদি এটা স্বীকার না করি তবে মিথ্যা হবে। এ ক্লাবে আসার আগে তারা প্রিমিয়ার লিগ জিতেছে। আমাকে ছাড়াই প্রতিটি ট্রফি জিতেছে। এখন ক্লাবটির হয়ে এমন একটি কাজ করতে এসেছি, যা আগে কখনও তারা করতে পারেনি। সেই লক্ষ্যে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করব।’
২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হয়েছিল পেপ গার্দিওলার সিটি। চলতি মৌসুমে ইতোমধ্যে এফএ কাপ ও লিগ শিরোপা জিতেছে গার্দিওলার দল। এবার ‘ট্রেবল’ জয়ের সুযোগ সিটিজেনদের। সেই স্বপ্নের অন্যতম কারিগর হালান্ড। নেরাজ্জুরিদের জমাট রক্ষণ ভেঙে দেওয়ারও দায়িত্ব তার কাঁধে। শনিবার রাত পর্যন্ত অপেক্ষা, চাপ কাটিয়ে কতটা দায়িত্ব সামলাতে পারেন গোলমেশিন— সেটাই দেখার।