× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানসিটির প্রথম নাকি ইন্টারের চতুর্থ?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ০৯:১৬ এএম

ম্যানসিটির প্রথম নাকি ইন্টারের চতুর্থ?

ইস্তাম্বুলের টিকিট নিশ্চিতের পর হুমকি ছুড়েছিলেন ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজ- ‘শিরোপার উৎসব হবে সান সিরোতে।’ সেই কথার পাল্টাতে রীতিমতো ধমকি দিয়ে বসেছিলেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক ইলকে গুনদোগান- ‘সিটিকে হারানোর মতো দল দেখছি না।’

আরও পড়ুন : আজ ঢাকায় আসছেন আফগানরা

দুই দলের কোচ অবশ্য সমীহ করেছেন প্রতিপক্ষকে। তাদের একজন সিমোনে ইনজাঘির চোখ ১৩ বছরের অপেক্ষা ঘোচানোর; আরেকজন পেপ গার্দিওলার স্রেফ আক্ষেপ মেটানোর। লক্ষ্য এক এবং অভিন্ন- কামাল আতাতুর্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ট্রফি উঁচিয়ে ধরা। ইউরোপের নতুন চ্যাম্পিয়ন খোঁজার অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

ইন্টার মিলান সবশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল ২০০৯-১০ মৌসুমে, সেবার চ্যাম্পিয়নও হয়েছিল নেরাজ্জুরিরা। ১৩ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপার মঞ্চ নিশ্চিত করেছে তারা। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আনকোরা ম্যানসিটিকে। ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো খেলার টিকিট পায় সিটি। এরপর এখন পর্যন্ত সব সংস্করণে খেলেছে। ২০২১ সালে একবার ফাইনাল খেললেও কখনও ইউরোপসেরা হতে পারেনি। তিনবারের ইউরোপসেরা ইন্টার ২০১২ ও ২০১৮ সালে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, আর নকআউট পর্বে ফিরেছে গত মৌসুমে। এবার দুদলের সামনে আক্ষেপ কিংবা অপেক্ষা ঘোচানোর সুযোগ। গার্দিওলা কিংবা ইনজাঘি দুজনের চোখও নিবদ্ধ চ্যাম্পিয়নস লিগ শিরোপায়।

‘খেলা এখনও ৯০ মিনিট বাকি’- মনে করিয়ে শিষ্যদের সতর্ক করে রেখেছেন ইনজাঘি। একই কথা আর্লিং হালান্ড-ডি ব্রুইনেদের শুনিয়ে রেখেছেন গার্দিওলাও। ফাইনালে পরিসংখ্যান কিছুটা আশা দেখাতে পারে ইন্টার মিলানকে। ক্লাব ইতিহাসে ইংলিশ ক্লাবের বিপক্ষে এখন পর্যন্ত ৪০টি ম্যাচ খেললেও প্রথমবার কোনো ফাইনাল খেলবে নেরাজ্জুরিরা। ইতিহাস কিংবা পরিসংখ্যানে এগিয়ে থাকা ইন্টার জিতেছে ১৬ ম্যাচ, হেরেছে ১৮টিতে, ছয়টি ছিল ড্র। চলতি মৌসুমে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ইন্টার। সিমোনে ইনজাঘির শিষ্যরা তুরস্কে ফাইনালের মঞ্চ নিশ্চিতের আগ পর্যন্ত গ্রুপ পর্বে হারিয়েছে বার্সেলোনাকে, শেষ ষোলোতে পোর্তো, এরপর বেনফিকা, তারপর নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। এবার ম্যানচেস্টার সিটি। বড় ধরনের আন্ডারডগ হিসেবে শিরোপারও যোগ্য দাবিদার ইন্টার।

নেরাজ্জুরিদের সিটির থেকে এগিয়ে রাখবে পরিসংখ্যান। এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে তারা। ইউরোপিয়ান কাপের ফাইনালে খেলারও অনেক অভিজ্ঞতা আছে দলটির। এখন পর্যন্ত ১১টি ইউরোপিয়ান ফাইনালে খেলেছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি, যা ইতালির হিসাবে তৃতীয় সর্বোচ্চ। জুভেন্টাস ১৬ বার ফাইনাল খেলে সিরি এ ক্লাব হিসেবে শীর্ষে আছে। দুইয়ে আছে এসি মিলান। সেভিয়ার কাছে ২০১৯-২০ মৌসুমে ইউরোপা লিগ হারানোর পর এটাই নেরাজ্জুরিদের প্রথম উয়েফার আসরের ফাইনাল। অন্যদিকে সেটি সেই হিসেবে আনকোরা বটে। ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারার আগে ১৯৭০ সালে একবার উয়েফা আয়োজিত উইনার্স কাপের ফাইনাল খেলেছিল সিটি। ইস্তাম্বুলে আজ রাত ১টায় আরেকটি ফাইনালে সিটি।

ইতালিয়ান ক্লাব হিসেবেও এগিয়ে ইন্টার। এখন পর্যন্ত ইংলিশ কোনো ক্লাবের বিপক্ষে ফাইনালে এগিয়ে থাকে সিরি এ ক্লাবটি। অবশ্য ফাইনালে কাজটা যে সহজ হবে না, মানছেন ইনজাঘি। ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা যেমন ভয় পাচ্ছেন ইন্টার মিলানের জমাট রক্ষণের, তেমনি নেরাজ্জুরিদের বস ইনজাঘির ভাবনায় ডজনখানেক প্রশ্ন- ‘হালান্ডকে আটকাতে হবে, ডি ব্রুইনেকে সামলাতে হবে এবং সবচেয়ে বেশি জরুরি গার্দিওলার কৌশল কিংবা পরিকল্পনা নস্যাৎ করতে হবে।’ সেদিক থেকে ফাইনালে শক্তিমত্তা, পরিসংখ্যান কিংবা ধারাবাহিকতা বিবেচনা করে নিজেদের হাতেই শিরোপা দেখছেন গার্দিওলা। ইতালিয়ান জায়ান্টদেরও অবশ্য হারানোর পরিকল্পনা কষছেন, একটাই চাওয়া ‘চ্যাম্পিয়নস লিগ’।

গার্দিওলার পরিসংখ্যান কিংবা অতীতে বিশ্বাসী নন, প্রতিপক্ষকে সমীহ করলেও তিনি দেখছেন বর্তমান- ‘প্রতিপক্ষের চেয়ে ভালো হওয়ার জন্য ৯০ মিনিটে কী করতে হবে, সেটাই বড় বিষয়। গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, গত মৌসুম, প্রিমিয়ার লিগ বা এফএ কাপে আপনি কী করেছেন, তা কাজে আসবে না। কারণ এটি কেবলই এক ম্যাচের লড়াই।’

জমাট রক্ষণের ইন্টার সব প্রতিযোগিতা মিলিয়ে এগিয়ে আছে সিটির থেকে। সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছে তারা। লিগে তিন নম্বর ধরে রেখে নিশ্চিত করেছে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। লিগ শিরোপা হারালেও জিতেছে কোপা ইতালিয়া ট্রফি, যা তাদের নিশ্চিতভাবে এগিয়ে রাখছে। কিন্তু ইন্টার কোচ সিমোনে ইনজাঘির মতে, পরিপক্ব দল সিটিও কিন্তু কম যায়নি। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পাশাপাশি এফএ কাপও জিতেছে কদিন আগে। এবার ক্লাবের ইতিহাস গড়ে অপেক্ষায় আছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা উঁচিয়ে ধরার।

পরিসংখ্যান, শক্তিমত্তা এবং জমে থাকা সব হিসাব-নিকাশ ফুরাবে ইস্তাম্বুলে আজ রাতে। রেফারির শেষ বাঁশি বাজলেই খেরো খাতায় লেখা হবে এতদিন ধরে কষা অঙ্কের সমাধান- ইন্টারের অপেক্ষা না সিটির ঘুচতে চলা চ্যাম্পিয়নস লিগের আক্ষেপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা